সেদিন জন্ম নেওয়া শিশুটা আজ প্রাপ্ত বয়স্ক। তার বয়স যে আজ ১৮ হয়েছে। দেড় যুগ আগের সেই দিনের পৃথিবীতে অনেক কিছু ঘটে গেছে। ফুটবলের নিয়মে এসেছে কত নতুনত্ব। বিশ্বকাপের শিরোপারও হয়েছে হাত বদল। কিন্তু একটা ধারা কখনই বদলায়নি। পর্তুগালের জাতীয় দলের শুরুর একাদশ ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে লুসাইলে সেই ধারা ভাঙলো।
জাতীয় দলের সাইড বেঞ্চে ১৮ বছর পর আজ কাতার বিশ্বকাপের মঞ্চে সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে এই ঘটনা ঘটল। পর্তুগালের প্রথম একাদশে নাম ছিল না সিআর সেভেনের!
কাতার বিশ্বকাপের শুরু থেকেই পর্তুগাল কোচ রোনালদোকে প্রথম একাদশে খেলিয়েছেন। কিন্তু দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের ৬৫তম মিনিটে রোনালদোকে তুলে নিয়েছিলেন ফার্নান্দো সান্তোস। ঝামেলার শুরু তখন থেকেই। পুরো সময় না খেলানোয় রোনালদো রেগেমেগে এক কোরিয়ান খেলোয়াড়ের সঙ্গে ঝগড়ায় জড়ান।
পরে কোচের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাকে তুলে নিতে তার তর সইছে না।’ এরপর থেকেই জল্পনা শুরু হয়, শেষ ষোলোর ম্যাচে রোনালদোকে কি একাদশে দেখা যাবে?
আশঙ্কা সত্যি করে আজ রোনালদোকে শুরুর একাদশে রাখেননি সান্তোস। শেষবার এ ঘটনা ঘটেছিল ২০০৪ সালের ইউরোতে রাশিয়ার বিপক্ষে ম্যাচে। সে ম্যাচটিতে রাশিয়াকে অবশ্য হারিয়েছিল পর্তুগাল। আজ অবশ্য রোনালদোকে ছাড়াই পর্তুগাল দারুণ খেলেছে। তার জায়গায় খেলতে নামা রামোস করেছেন হ্যাটট্রিক। দলও জয় পেয়েছে ৬-১ গোলের বড় ব্যবধানে। তাতে দাপুটে জয়ে নিশ্চিত হয়েছে শেষ আট।
