বাজেট সহায়তায় ২৫ কোটি ডলার দিচ্ছে এআইআইবি

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১২:৫৭ এএম

সামাজিক সুরক্ষা ও দক্ষতার উন্নয়নের জন্য ‘স্টেংদেনিং সোশ্যাল রেজিলেন্সি প্রোগ্রাম’ শীর্ষক কর্মসূচি বাস্তবায়নের জন্য বাজেট সহায়তা হিসেবে ২৫ কোটি ডলারের ঋণ দিচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। গতকাল বুধবার বাংলাদেশ সরকারের সঙ্গে এ উন্নয়ন সহযোগীদের একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ ঋণচুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) পক্ষে ইনভেস্টমেন্ট অপারেশন রিজিওন-১ এর ভাইস প্রেসিডেন্ট উরজিত প্যাটেল।

ইআরডি জানায়, এ কর্মসূচির উদ্দেশ্য হলো বাংলাদেশের সামাজিক উন্নয়নকে অধিক সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক করতে পদক্ষেপ গ্রহণ করা। কর্মসূচির সুনির্দিষ্ট উদ্দেশ্য হিসেবে উল্লেখ রয়েছে : সামাজিক সুরক্ষা ব্যবস্থার কভারেজ এবং দক্ষতার উন্নয়ন, সুবিধাবঞ্চিত মানুষের আর্থিক অন্তর্ভুক্তির উন্নয়ন ও অধিক সুযোগ সৃষ্টি এবং জীবনচক্রের সামাজিক ও স্বাস্থ্য চাহিদার প্রতি রেসপন্স সিস্টেম শক্তিশালী করা।

এআইআইবির এ ঋণ ৩ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৬ বছর ৫ মাসে পরিশোধযোগ্য। ব্যাংকটি ২০১৬ সালে এর কার্যক্রম শুরু করে এবং গত ৫ বছরে বাংলাদেশে তাদের বিনিয়োগ ২ দশমিক ৭৯ বিলিয়ন মার্কিন ডলার। কভিড পরিস্থিতি মোকাবিলাসহ সরকার গৃহীত প্রণোদনা কর্মসূচি ও কভিড পরবর্তী অর্থনীতিকে পুনরুদ্ধার এবং টেকসই প্রবৃদ্ধি অব্যাহত রাখতে গত তিন বছর যাবৎ এআইআইবি বাজেট সহায়তা প্রদান করছে এবং অদ্য স্বাক্ষরিত বাজেট সহায়তা হিসেবে ২৫০ মিলিয়ন মার্কিন ডলারসহ এর পরিমাণ মোট ১ হাজার ৫০ মিলিয়ন মার্কিন ডলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত