বলিউড কিং শাহরুখ খানের জন্য ২০২৩ সাল বিশেষ বছর হতে চলেছে। দীর্ঘ চার বছর অপেক্ষার পর তার পরপর তিনটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। এরই মধ্যে আরেকটি সুখবর হলো বলিউড এই তারকা আরেকটি প্যান ইন্ডিয়া ছবির সঙ্গে যুক্ত হতে চলেছেন।
আগামী বছর শাহরুখ খানের ‘পাঠান’, ‘জওয়ান’ আর ‘ডানকি’ মুক্তি পাবে।
ছবিটি পরিচালনা করছেন দক্ষিণের হিট পরিচালক অ্যাটলি। আর এই প্যান ইন্ডিয়া ছবিতে শাহরুখ এবং দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারাকে জুটি হিসেবে দেখা যাবে। নতুন খবর, কিং খান আরেক দক্ষিণী চিত্রনির্মাতার সঙ্গেও কাজ করবেন বলে শোনা যাচ্ছে। ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজি আর ‘কান্তারা’-র মতো সুপারহিট ছবির নির্মাতা হোম্বালে ফিল্মস আরেকটি প্যান ইন্ডিয়া প্রকল্প আনতে চলেছে। এ প্রকল্পের জন্য তারা শাহরুখ খানকে প্রস্তাব দিয়েছে। হোম্বালে ফিল্মসের আগামী প্রকল্প হলো ‘সালার’। এই প্যান ইন্ডিয়া ছবিতে প্রভাস আর শ্রুতি হাসানকে দেখা যাবে।
এ ছাড়া জুনিয়র এনটি আরের সঙ্গে আরেকটি ছবি হোম্বালে ফিল্মস বানাতে চলেছে। এ প্রযোজনা সংস্থা তাদের পরবর্তী প্রকল্পের জন্য কোনো দক্ষিণী তারকা নয়, বলিউডের কিং খানকে তারা প্রথমে প্রস্তাব দিয়েছে। শোনা যাচ্ছে, তাদের এই ছবি পরিচালনা করবেন বলিউডের ‘হিট মেশিন’খ্যাত রোহিত শেট্টি। শাহরুখ খানের ‘পাঠান’ ছবিটি ২৫ জানুয়ারি মুক্তি পাবে। যশরাজ ফিল্মসের এই ছবিতে দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম আছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশনধর্মী ছবিটি হিন্দি ছাড়া তামিল ও তেলেগু ভাষায়ও মুক্তি পাবে। এদিকে শাহরুখের ‘জওয়ান’ ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড়Ñ এই পাঁচ ভাষায়। রাজকুমার হিরানির ‘ডানকি’ ছবিতে কিং খানের সঙ্গে জুট বেঁধেছেন তাপসী পান্নু।
