বহিরাগতদের ঢাবি ক্যাম্পাসে খেলা দেখতে না আসার আহ্বান

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ০৮:৩৪ পিএম

বহিরাগতদের বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে ‌ঢাকা বিশ্ববিদ্যালয়ে না আসার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। 

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার  আয়োজন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের জন্য। কিন্তু সেখানে বহিরাগতদের সমাগম ঘটলে শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন বিড়ম্বনা ও ভোগান্তিতে পড়েন। পরিবেশ বিঘ্নিত হয়। এ অবস্থায়, শৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় ক্যাম্পাসের বাইরের দর্শকদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না এসে নিজ নিজ বাসা বা এলাকায় খেলা উপভোগ করার আহ্বান জানানো হচ্ছে।

উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বড় পর্দায় দেখার আয়োজন করেছে ছাত্রলীগ। ‘নগদ’র আর্থিক সহযোগিতায় এ আয়োজন করা হয়। বিশ্বকাপ শুরুর পর থেকে প্রতিদিন ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে ক্যাম্পাসে খেলা দেখতে আসছেন বহু দর্শক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত