বিএনপির গণসমাবেশ: নতুন ২ স্থান নিয়ে আলোচনা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ০৯:৪৫ পিএম

শনিবার (১০ ডিসেম্বর) বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ নিয়ে নতুন দুটি স্থান নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি সমাবেশের জন্য চেয়েছে কমলাপুর স্টেডিয়াম। অপরদিকে পুলিশ প্রস্তাব করেছে মিরপুর বাংলা কলেজ মাঠ। 

বৃহস্পতিবার রাতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, ‘দুটি স্পট নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আমরা জায়গা পরিদর্শন করে সিদ্ধান্ত জানাব।’ 

রাত সাড়ে ৯টার দিকে ডিবি প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, সমাবেশের জন্য কমলাপুর স্টেডিয়াম অথবা মিরপুর বাংলা কলেজ মাঠ নিয়ে আলোচনা হয়েছে। 

তিনি বলেন, আমরা স্থান দুটি পরিদর্শন করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব। সমাধান হবে বলে আশা করছি।

হারুন জানান, বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার সকালে এ পরিদর্শন হতে পারে। বিএনপির সমাবেশে সার্বিক নিরাপত্তা দেওয়ার কথাও জানান তিনি।

বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে ডিএমপি কমিশনারের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে বলে জানান ডিবি প্রধান। 

এর আগে বুলুর নেতৃত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ডিএমপি কার্যালয়ে যান। 

বিকেলে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিকল্প প্রস্তাব না পেলে নয়াপল্টনেই সমাবেশ করবে বিএনপি।’ 

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, ‘বিএনপি নেতৃবৃন্দ ডিএমপিতে গিয়ে আলাপ করুক। এরপর বিএনপির প্রতিনিধি দল সন্ধ্যা সাড়ে ৬টায় ডিএমপি কার্যালয়ে যান। 

বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক বিএনপি কর্মী নিহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত