সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তারা হলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন। দেশের সর্বোচ্চ আদালতে বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার আগে তারা হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার শাখা। এতে বলা হয়, ‘রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৫ (১) এ প্রদত্ত ক্ষমতাবলে হাইকোর্ট বিভাগের তিন বিচারককে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ প্রদান করেছেন। এই নিয়োগ শপথগ্রহণের তারিখ হতে কার্যকর হবে।’
বিকেলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত তিন বিচারককে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। নিয়োগ পাওয়া তিন বিচারকসহ আপিল বিভাগে এখন বিচারপতি ৯ জন।
প্রধান বিচারপতি ছাড়া অন্যরা হলেন বিচারপতি মোহাম্মদ ইমান আলী (এখন ছুটিতে), বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি এম. ইনায়েতুর রহিম।
১৯৫৯ সালের ১৫ জুলাই জন্মগ্রহণ করেন মো. আশফাকুল ইসলাম। এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জনের পর ১৯৮৩ সালে জেলা ও দায়রা আদালতে এবং ১৯৮৫ সালে হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্টে অতিরিক্ত বিচারক এবং এর দুই বছর পর একই বিভাগে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান আশফাকুল ইসলাম।
১৯৫৯ সালের ২ জানুয়ারি জন্মগ্রহণ করেন আবু জাফর সিদ্দিকী। এলএলবি ও এলএলএম ডিগ্রি লাভের পর ১৯৮৫ সালে জেলা ও দায়রা আদালতে এবং ১৯৯৪ সালে হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। ২০১০ সালের ১৮ এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে এবং দুই বছর পর একই বিভাগে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান তিনি।
১৯৫৯ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন জাহাঙ্গীর হোসেন। এলএলবি ডিগ্রি লাভের পর ১৯৮৬ সালে জেলা ও দায়রা আদালতে এবং ১৯৯১ সালের ডিসেম্বরে হাইকোর্টে আইন পেশা শুরু করেন। ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে এবং দুই বছর পর হাইকোর্টে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান তিনি।
