'সোহরাওয়ার্দীর নিরাপত্তাই থাকবে গোলাপবাগে'

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ০৬:২২ পিএম

রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। এ বিষয়ে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, 'সোহরাওয়ার্দী উদ্যানকে ঘিরে যে নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছিল। সেই নিরাপত্তাই এখন গোলাপবাগ মাঠে দেওয়া হবে।'

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে মিন্টুরোডে ডিবি কার্যালয়ের সামনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বিএনপিকে কোন বিবেচনায় গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে জানতে চাইলে ডিবি প্রধান বলেন, 'বিএনপি চেয়েছেই গোলাপবাগ মাঠ। কমিশনার স্যারও তাদের গোলাপবাগ মাঠেই সমাবেশের অনুমতি দিয়েছেন।'

তিনি বলেন, 'গতকাল যখন তাদের সঙ্গে আমাদের কথা হয়, তখন তারা দুটি ভেন্যু চয়েস করেছিলেন। একটি কমলাপুর স্টেডিয়াম, আরেকটি মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠ। কিন্তু আবার আজকের আবেদনে তারা মিরপুর বাঙলা কলেজ ও কমলাপুর স্টেডিয়ামের কোনোটাই চাইলেন না, চাইলেন গোলাপবাগ মাঠ। এ বিষয়ে তারা কাগজ জমা দেওয়ার পর কমিশনার স্যারের সঙ্গে কথা বলে তাদেরকে গোলাপবাগ মাঠেই সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।'

শর্তের বিষয়ে জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, 'আগের ২৬টি শর্তই থাকবে। সবচেয়ে বড় কথা হলো, আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য সেখানে রয়েছেন। পোশাকে ও সাদাপোশাকে অনেক পুলিশ সেখানে কাজ করবেন। আমাদের টিম এ বিষয়ে অলরেডি কাজ করছে, আশপাশের এলাকা তদারকি করছি, যাতে এই সমাবেশকে কেন্দ্র করে কোথাও কোনো অরাজকতা তৈরি না হয়। এ লক্ষ্যে পোশাকে ও সাদাপোশাকে পুলিশ কাজ করছে।'

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের মতো বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এতে বিএনপি নেতাকর্মীরা নাশকতার কোনো চেষ্টা করতে পারে কী না, জানতে চাইলে ডিবি প্রধান বলেন, 'আমি মনে করি- তারা একটি সুন্দর সমাবেশ করবে। কোথাও কোনো বিশৃঙ্খলা করবে না। আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য আশপাশের এলাকাগুলোতে কাজ করবে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত