বাতিস্তুতার রেকর্ড ছুঁলেন মেসি

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ০৩:২৯ এএম

দীর্ঘ ২০ বছর ধরে রেকর্ডটা তার। ছুঁতে পারেনি কেউ। লিওনেল মেসি অবশেষে সেটা পারলেন। বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে বসলেন গাব্রিয়েল বাতিস্তুতার পাশে।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন মেসি। যা বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে তার দশম গোল। এই ১০ গোলের চারটিই মেসি করেছেন এবারের আসরে।

ক’দিন আগে বাতিস্তুতা বলেছিলেন মেসি তার রেকর্ড ভাঙলে খুশিই হবেন। তার কথা ছিল এমন, ‘আমার এই রেকর্ডের বয়স ২০ বছর পার করতে যাচ্ছে। অবশ্যই এখন সময় এসে গেছে আমার রেকর্ড ছাপিয়ে যাওয়ার। আর যদি মেসি তা করতে পারে তবে আমি সত্যিই খুশি হব।’

বিশ্বকাপে আর এক গোল করলেই বাতিস্তুতাকে ছাড়িয়ে নতুন ইতিহাস লিখবেন মেসি। পারবেন কি?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত