২৯ ডিসেম্বর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ০৫:১৪ এএম

আগামী ২৯ ডিসেম্বর প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেদিন বেলা ১১টায় উপজেলা পর্যায়ে পরীক্ষা হবে।

বৃত্তি পরীক্ষার জন্য শিক্ষার্থী নির্বাচনে ২১ ডিসেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে উপজেলা ও থানা শিক্ষা অফিসগুলোকেও প্রস্তুতি নিতে বলা হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, পঞ্চম শ্রেণির বার্ষিক মূল্যায়নে প্রতিদিনের উত্তরপত্র প্রতিদিন মূল্যায়ন করতে হবে। ১৯ ডিসেম্বর পরীক্ষা শেষে ২০ ডিসেম্বরের মধ্যে উত্তরপত্র মূল্যায়ন করে ২১ ডিসেম্বর পঞ্চম শ্রেণির ফল প্রকাশ করতে হবে। পঞ্চম শ্রেণির মোট শিক্ষার্থীর ১০ শতাংশ বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। শিক্ষার্থীদের তালিকা ২২ ডিসেম্বর উপজেলা শিক্ষা অফিসে পাঠাতে হবে। উপজেলা শিক্ষা অফিস ২৩ ডিসেম্বর তা জেলায় পাঠাবে। জেলা থেকে আবশ্যিকভাবে ২৪ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে তালিকা পাঠাতে হবে। উপজেলা শিক্ষা অফিস ২৬ ডিসেম্বর প্রবেশপত্র বিদ্যালয়ে পাঠাবে। বিদ্যালয় থেকে ২৭ ডিসেম্বর প্রবেশপত্র শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে। ২৯ ডিসেম্বর বেলা ১১টায় উপজেলা পর্যায়ে পরীক্ষা হবে।

জানা যায়, বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান এ চার বিষয়ে বৃত্তি পরীক্ষায় অংশ নেবে শিক্ষার্থীরা। ২ ঘণ্টা সময়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।

করোনার কারণে গত দুই বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হয়নি। চলতি বছর থেকে এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা সরকারের নেই। এ বছর থেকে আলাদ বৃত্তি পরীক্ষা নিয়ে প্রাথমিকের শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে বৃত্তি পরীক্ষা নেওয়া হলেও ২০০৯ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালুর পর এর ভিত্তিতেই বৃত্তি দেওয়া শুরু হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত