উসকানি দাতা হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করুন বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করেছেন বিএনপি নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু।
আজ শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলপাবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে তিনি এ কথা বলেন।
মীর সরাফত আলী সপু বলেন, গতকাল ঢাকা মহানগরের আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে ওবায়দুল বললেন, বিএনপি হেরে গিয়েছে। আমি তাকে বলে দিতে চাই। উসকানি দাতা কে? আপনি উসকানি দিয়ে আমাদের মহাসচিব মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়, মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা হয়, আমাদের রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করা হয়, আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়... তাহলে এই সভা থেকে আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করছি, ওবায়দুল কাদেরকে অবশ্যই গ্রেপ্তার করুন। তিনি মাঠে এসে উসকানি দিয়েছেন।
আজ সকাল পৌনে আটটার পর থেকে গোলাপবাগ মাঠজুড়ে নেতা-কর্মীদের ছড়িয়ে–ছিটিয়ে থাকতে দেখা গেছে। বেলা ১১টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নেতা-কর্মীরা আগেই মাঠে আসেন। সকাল থেকে বিএনপির জেলা, মহানগর ও কেন্দ্রীয় কমিটির নেতারা সভার মঞ্চে উপস্থিত হন। সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে গোলাপবাগ-ধলপুর-সায়েদাবাদ সড়ক বন্ধ হয়ে গেছে।
এখনো খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করতে দেখা যাচ্ছে দলটির নেতা-কর্মীদের। মাঠের আশপাশের এলাকায়ও নেতা–কর্মীদের ভিড় আছে। মাঠে জায়গা না হওয়ায় অনেক নেতা–কর্মীই রাস্তায় অবস্থান নিয়েছেন। নেতা–কর্মীরা মাঠে উপস্থিত হয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন।
