ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে কিংবদন্তি পেলের ৭৭ গোলের কীর্তিকে ছুঁয়েছেন নেইমার। কিন্তু সেই গোলেও দল জিততে পারেনি। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেওয়ার পর নেইমার ব্রাজিলের জার্সিতে খেলা চালিয়ে যাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন। কিন্তু পেলে তাকে খেলা চালিয়ে যেতে বলেছেন।
হাসপাতালের বিছানা থেকে ইন্সটাগ্রাম পোস্টে নেইমারকে পেলে বলেছেন, ‘আমি তোমাকে বেড়ে উঠতে দেখেছি। তোমার জন্য গলা ফাটিয়েছি। অবশেষে ব্রাজিল জাতীয় দলের হয়ে আমার গোলসংখ্যা ছুঁয়ে ফেলায় তোমাকে অভিনন্দন জানাতে পারছি। দুজনই জানি, এটা শুধুই একটা সংখ্যা নয়, তার চেয়েও বেশি কিছু। ক্রীড়াবিদ হিসেবে আমাদের সবচেয়ে বড় ব্যাপার মানুষকে অনুপ্রাণিত করা।’
ব্রাজিল বিশ্বকাপ থেকে ছিটকে পড়ায় ব্যথিত পেলে, ‘দুর্ভাগ্যজনকভাবে দিনটি (শুক্রবার) আমাদের জন্য সুখকর ছিল না। তবে তুমি সব সময় আমাদের অনুপ্রেরণার উৎস। অনেকে তোমার মতো হতে চায়। ৫০ বছর আগে যে রেকর্ড গড়েছিলাম, একমাত্র তুমি ছাড়া আর কেউ এর পিছু তাড়া করতে পারেনি। তুমি করে দেখিয়েছ, প্রিয়।’
পেলে মনে করেন, ব্রাজিলকে এখনো অনেক কিছু দেওয়ার আছে নেইমারের, ‘আমি এখন ৮২ বছরের বুড়ো। তোমাকে শুরু থেকে যেভাবে উৎসাহিত করে এসেছি, এখনো সেভাবেই করছি। এটা তোমাকে এত দূর নিয়ে এসেছে। তার চেয়েও বড় কথা, তোমার অর্জন লাখ লাখ মানুষের কাছে পৌঁছে গেছে। তারা তোমাকে অনুসরণ করে। যা অসম্ভব মনে হয়, সেটা সম্ভব করার চ্যালেঞ্জ নিতে চায়।’ ব্রাজিলের হয়ে নেইমারের দায়িত্ব শেষ হয়নি বলে মনে করেন পেলে। ‘(ব্রাজিলের হয়ে) তোমার দায়িত্ব এখনো শেষ হয়নি। আমাদের অনুপ্রাণিত করতে থাকো। তোমার প্রতিটি গোলের আনন্দে শূন্যে ঘুষি মারতে থাকব।’
