সেমিতে খেলতে পারবেন না আকুনিয়া-মন্তিয়েল

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১২:৪৪ এএম

শুরু থেকেই শারীরিক ফুটবল খেলছিল ডাচরা। আর্জেন্টিনার কাছে দুই গোল খেয়ে পিছিয়ে পড়ার পর আরও তেতে ওঠে তারা। এ-সময়ই, ম্যাচের ৮৮ মিনিটে লিয়ান্দ্রো পারেদেস অহেতুক শটে বল মারেন ডাচ খেলোয়াড়রদের গায়ে। ঘটনার পর তারা তেড়ে আসেন, মাঠের ভেতর ছড়ায় উত্তেজনা। এমন উত্তেজনা বারবার দেখা গেছে ম্যাচে।

ম্যাচে ফাউল হয়েছে মোট ৪৮টি। রেফারি হলুদ কার্ড দেখিয়েছেন ১৮টি। হলুদ কার্ডের (নিষেধাজ্ঞার) কারণে সেমিফাইনাল ম্যাচে খেলতে পারবেন না আর্জেন্টিনার ডিফেন্ডার আকুনিয়া ও মন্তিয়েল। দুজনই আগের ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন। এছাড়াও আর্জেন্টিনা দলের হলুদ কার্ড প্রাপ্তরা হলেন ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, পাজেল্লা, লিয়ান্দ্রো পারেদেস ও লিওনেল মেসি। আট আর্জেন্টিনা খেলোয়াড় বাদে হলুদ কার্ড দেখেছেন দলটির কোচ স্কালোনি ও সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েলও।

আট ডাচ খেলোয়াড়ও দেখেছেন হলুদ কার্ড। দুই হলুদ কার্ড দেখে লাল কার্ডে মাঠের বাইরে যেতে হয়েছে ডামফ্রিজকে। ডামফ্রিজ লাল কার্ড দেখেন যখন আর্জেন্টিনা খেলোয়াড় লাউতারো মার্তিনেজ টাইব্রেকে শেষ শটটি জালে জড়িয়ে উল্লাস শুরু করেন। এ ঘটনা এবং দুই কোচের হলুদ কার্ড বাদে মাঠে মোট ১৫ হলুদ কার্ড দেখান রেফারি। ম্যাচে মোট ১৮ হলুদ কার্ড দেখিয়ে বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি হলুদ কার্ড দেখানোর রেকর্ড গড়েছেন স্প্যানিশ এই রেফারি। ২০১০ বিশ্বকাপের ফাইনালে ইংলিশ রেফারি হাওয়ার্ড ওয়েব ১৪ হলুদ কার্ড দেখান, বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে যা ছিল রেকর্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত