দেশ করদাতাদের কাছে ঋণী : অর্থমন্ত্রী

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ০১:৩৭ এএম

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বাংলাদেশের অর্থনীতির বর্তমান যে অর্জন, সেটা সরকারের একক অর্জন নয়। এ অর্জনে উন্নয়ন অগ্রযাত্রায় করদাতাদের ভূমিকা অনেক। তাদের ত্যাগের কারণেই আজ এখানে আমরা আসতে পেরেছি। দেশ করদাতাদের কাছে ঋণী।’

গতকাল শনিবার রাজধানীর অভিজাত একটি হোটেলে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের পুরস্কার ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশে আইএমএফের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) প্রতিনিধিরা এসেছিলেন। তারা প্রাণ খুলে, মন খুলে বলে গেছেন বাংলাদেশের আজকের অসামান্য অর্জন, অগ্রগতি মনে রাখার মতো।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ২০২১-২২ অর্থবছরের জাতীয় পর্যায়ের সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) দেওয়া ৯টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট দেওয়া ১২০টি প্রতিষ্ঠানের নামও ঘোষণা করা হয়েছে।

মন্ত্রী বলেন, ‘দেশের অর্জনগুলো একে একে হয়নি, শুধু সরকারের হাত দিয়েও হয়নি। করদাতাদের বড় অবদান রয়েছে। আমাদের এগিয়ে যেতে দেশের সব মানুষের এক যোগে উন্নয়নকাজে অংশগ্রহণ করতে হবে।’ তিনি বলেন, ‘১৪ বছরে জিডিপির আকার প্রায় সাড়ে ৪ গুণ বেড়ে ৪৬৫ বিলিয়ন ডলার হয়েছে। মাথাপিছু আয় ৬৮৬ ডলার বেড়ে ২ হাজার ৮৬৬ ডলার হয়েছে। আপনাদের ত্যাগের কারণেই আমরা এ পর্যায়ে এসেছি। প্রতিটি নাগরিকের দায়িত্ব আছে, যারা পিছিয়ে আছে, তাদের এগিয়ে নিয়ে যাওয়া।’

মুস্তফা কামাল বলেন, ২০১২ সালে নতুন ভ্যাট আইন চালু করার পর নানা ঘাত-প্রতিঘাতের কারণে সময়মতো বাস্তবায়ন সম্ভব হয়নি। বর্তমানে ভ্যাট রাজস্ব আদায়ের অন্যতম হাতিয়ার।

যারা নিয়মিত ভ্যাট দিচ্ছেন, তাদের হয়রানি না করে নতুন নতুন ক্ষেত্র শনাক্ত করার আহ্বান জানান এফবিসিসিআইর সভাপতি জসিম উদ্দিন। তিনি বলেন, ‘এখনো যাদের মূসক জালের আওতায় আনা সম্ভব হয়নি, তাদের মূসকের আওতায় নিয়ে আসতে হবে। এতে ব্যবসা-বাণিজ্যের বৈষম্য দূর হবে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে খাতাপত্র আটক করা, হয়রানি করা, নোটিস দিয়ে আতঙ্ক সৃষ্টির যে অভিযোগ পাওয়া যায় তা স্থিতিশীল ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য সহায়ক নয়। তবে যারা ইচ্ছাকৃৃতভাবে রাজস্ব ফাঁকি দেয়, আমরা তাদের পক্ষে নই।’

জসিম উদ্দিন বলেন, এনবিআর মেইড ইন বাংলাদেশের যে লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে তা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে ব্যাক ওয়ার্ড শিল্পগুলোকে প্রাধান্য দিতে হবে। পাশাপাশি অটোমেশনও জরুরি। রাজস্ব সংগ্রহের অন্যতম উৎসে কর কিন্তু পরবর্তী সময়ে সমন্বয় করা হয় না। এ বিষয়টি এনবিআরের ভেবে দেখা উচিত।

‘উন্নয়নের ভ্যাট নীতি, ভ্যাট দিয়ে গড়ব জাতি’ স্লোগান সামনে রেখে গতকাল থেকে রাজধানীসহ সব বিভাগীয় শহর ও কমিশনারেট কার্যালয়ে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপিত হচ্ছে। একই সঙ্গে ১০-১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি নিয়েছে এনবিআর।

এ বছর ১০ ডিসেম্বর সপ্তমবারের মতো দিবসটি উদযাপিত হলো। এর আগে প্রতি বছর ১০ জুলাই জাতীয় ভ্যাট দিবস পালিত হতো। বাংলাদেশে ১৯৯১ সালে মূসক প্রবর্তিত হওয়ার পর এ বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য ২০১১ সাল থেকে ভ্যাট দিবস ও সপ্তাহ উদযাপন করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত