‘বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে সংসদ অচল হবে না’ উল্লেখ করে সেতুমন্ত্রী বলেছেন, ‘মানুষ জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও খুনের বাংলাদেশে ফিরে যেতে চায় না। মানুষ খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। তাই ৭ এমপির পদত্যাগের মাশুল দিতে হবে বিএনপিকে।’
শনিবার বিকেলে সাভারের রেডিও কলোনি স্কুল মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এছাড়া বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সন্ত্রাস-নৈরাজ্যের অভিযোগ এনে তা প্রতিরোধে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে তারাই জেলখানায় চার নেতাকে হত্যা করেছে। আবার তাদের দোসররাই আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গ্রেনেড হামলা চালিয়ে বঙ্গবন্ধুকন্যা ও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। এগুলো সবই একই সূত্রে গাঁথা।
এসময় তিনি আরও বলেন, ১৫ আগস্টের হত্যার মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। তিনি খুনিদের পুরস্কৃত করেছেন। বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের পুনর্বাসিত করেছেন এবং জেল হত্যাকান্ড ঘটিয়েছেন। অন্যদিকে খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করায় কারাদন্ডপ্রাপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় আজ তিনি বাসায় আছেন, নিরাপদে আছেন। বিএনপি কি আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করেছে?
সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, অ্যাড. কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।
নির্বাচনে অংশ না নিলে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি। তিনি বিএনপিকে সন্ত্রাসের রাজনীতি পরিহার করে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে বলেন, ইনশাআল্লাহ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সঠিক সময়ে নির্বাচন হবে। নির্বাচনে অংশ না নিলে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন বিদেশিরা বিএনপিকে ক্ষমতায় বসাতে পারবে না। নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো উপায় নেই। নির্বাচনে না এলে অস্তিত্ব হারাবে বিএনপি।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ১০ ডিসেম্বরের ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় বিএনপির সংসদ সদস্যরা লজ্জায় পদত্যাগ করেছেন।
বিএনপিকে মিথ্যাবাদী ও ভাঁওতাবাজির দল উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করে, দলের নেতাকর্মীদের সঙ্গেও ভাঁওতাবাজি করে। তাদের পরিকল্পনা ছিল দলের কর্মীদের মিথ্যা প্রলোভন দেখিয়ে ঢাকায় এনে নাশকতা করে সরকারকে বিব্রত করে পতন ঘটাবে।
এছাড়া শনিবার দেশের বিভিন্ন স্থানে সমাবেশ করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
নোয়াখালী : শনিবার সকাল ১১টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্রধান সড়কে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে জেলা, উপজেলা, পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এসময় নেতারা বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ দেওয়া হবে না। তাদের প্রতিরোধ করতে আমাদের নেতাকর্মীরা মাঠে রয়েছেন।
ত্রিশাল (ময়মনসিংহ) : সকালে উপজেলা ও পৌর ছাত্রলীগের আয়োজনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাদানী সিএনজি পাম্প এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ত্রিশাল পৌর শহর প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নৈরাজ্য, সন্ত্রাস করে জনগণের কোনো ক্ষতি করতে না পারে তার জন্য আমরা বাংলাদেশ ছাত্রলীগ রাজপথে প্রতিহত করার জন্য প্রস্তুত আছি।
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : সকাল বঙ্গবন্ধু স্মৃতিসৌধের সামনে সমাবেশে রাষ্ট্রবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এর প্রতিবাদে রাজপথে যুবলীগের নেতাকর্মীরা মাঠে থাকবেন বলে জানান।
কুড়িগ্রাম : জেলা আওয়ামী লীগ একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। এ সময় বিএনপি ও তাদের দোসর জামাত শিবির চক্র আবারও দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন নেতারা।
