‘মোস্ট গ্ল্যামারাস...’, দীপিকার উচ্ছ্বসিত প্রশংসায় শাহরুখ

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ০৪:৫০ পিএম

‘মিরর মিরর অন দ্য ওয়াল… সি ইজ দ্য মোস্ট গ্ল্যামারাস অফ দেম অল!’ দীপিকা পাড়ুকোনের প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ খান। আগামী ১২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে পাঠান ছবির প্রথম গান বেশরম রং। সোমবার দুপুর ১১টায় মুক্তি পাবে ওই গানটি। যার অপেক্ষায় অধীর হয়ে উঠেছেন কোটি কোটি শাহরুখ ভক্ত।

দীপিকা পাড়ুকোনের অনুরাগীরাও কিন্তু উচ্ছ্বাস ধরে রাখতে পারছেন না। কারণ, ওই গানে উষ্ণ অবতারে ধরা দিয়েছেন বলিউডের মেগাস্টার দীপিকা।

শনিবার টুইটারে আরও একবার গান রিলিজের রিমাইন্ডার দিলেন শাহরুখ খান। শুক্রবার দীপিকার একটি সোনালী মনোকিনি পরা ছবি আপলোড করেছিলেন সোশাল মিডিয়ায়। এদিন হলুদ রঙের বিকিনি পরিহিত দীপিকার একটি ছবি আপলোড করেন তিনি। জানান, বলিউডের সবচেয়ে গ্ল্যামারাস নায়িকা দীপিকাই।

শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের কেমিস্ট্রি বরাবরই অনন্য। ২০০৭ সালে ফারাহ খানের ওম শান্তি ওম ছবির হাত ধরে বলিউডি ক্যারিয়ার শুরু করেছিলেন ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোনের মেয়ে দীপিকা। তার বিপরীতে কাজ করেছিলেন শাহরুখ খান। কাট টু ২০২২। ১৫ বছরের মধ্যেই বলিউডে নিজের পোক্ত জায়গা তৈরি করে নিয়েছেন দীপিকা। তার স্টারডমের জৌলুসই আলাদা।

এক এবং অর্ধ দশক পেরিয়ে শাহরুখের সঙ্গে একাধিক ছবিতে অভিনয়ও করেছেন অভিনেত্রী। কখনও চেন্নাই এক্সপ্রেস, কখনও হ্যাপি নিউ ইয়ারে একে অপরের সঙ্গী হয়েছেন তারা। আবারও জুটি বেঁধেছেন পাঠান ছবির জন্য।

বেশরম রং গানটি দুর্দান্ত পার্টি সং। ক্রিসমাস এবং নিউ ইয়ারের মওশুমে এই গান যে সিনেপ্রেমীদের মুখে মুখে ফিরবে তা নিশ্চয়ই নতুন করে বলে দিতে হবে না? কিছুদিন আগে বিদেশে এই গানের শ্যুট করছিলেন দীপিকা এবং শাহরুখ। সেই ঝলক সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। দুই তারকার দুর্দান্ত কেমিস্ট্রি মনে ধরেছিল অনেকেরই। তাদের লুকও বেশ পছন্দ হয় সকলের। সেই সময় দীপিকার উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন পাঠান ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

দীপিকা প্রসঙ্গে সিদ্ধার্থ বলেছিলেন, ‘পাঠান ছবিতে একইসঙ্গে হট এবং কুল দীপিকা পাড়ুকোন। অভিনেত্রীর জীবনের সেরা চরিত্র হতে চলেছে এটি।’ তার সংযোজন, ‘দেশের সবচেয়ে বড় সুপারস্টারদের সঙ্গে কাজ করে চলেছেন দীপিকা পাড়ুকোন। তার জন্য দুর্ধর্ষ এক চরিত্র তৈরি করেছি আমরা। যা দীপিকার সুপারস্টারডামের সঙ্গে মানানসই। পাঠানে ওর চরিত্র যতটা লাস্যে পরিপূর্ণ, ততটাই কম্পোজড।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত