নিরীক্ষা প্রক্রিয়ায় আসছে না সব করদাতা

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১২:২৮ এএম

পর্যাপ্ত জনবল এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় বর্তমান নিরীক্ষা প্রক্রিয়ার আওতায় দেশের সব করদাতাকে অন্তর্ভুক্ত করা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। গতকাল ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কর প্রশিক্ষণ অ্যাকাডেমিতে এনবিআর কর্মকর্তাদের উচ্চতর নিরীক্ষা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

আয়কর কর্মকর্তা যাদের ইতিমধ্যেই বৃহৎ ও জটিল করপোরেট এবং শিল্প প্রতিষ্ঠানে নিরীক্ষা করার অভিজ্ঞতা সমৃদ্ধ, তাদের জন্য ছয়দিনের এই প্রশিক্ষণটি পাঁচটি ভিন্ন ভিন্ন পাঠ্য দিয়ে সাজানো হয়েছে।

মুনীম বলেন, কার্যকর কর প্রশাসন একটি নির্ভরযোগ্য এবং শক্তিশালী ব্যবস্থাপনার ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। রাজস্ব বোর্ড তার রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং এই অগ্রগতিতে আরও অবদান রাখতে হলে আমাদের অভ্যন্তরীণ সক্ষমতা বাড়াতে হবে।

চেয়ারম্যান বলেন, কর সংগ্রহ বাড়াতে নিরীক্ষাগুলো খুবই কার্যকরী ভূমিকা পালন করছে। কিন্তু পর্যাপ্ত জনবল এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় বর্তমান নিরীক্ষা প্রক্রিয়ায় দেশের সমগ্র করদাতাকে অন্তর্ভুক্ত করতে পারছে না। সেজন্য এই অপ্রতুল সম্পদ দিয়েই ভালো ফলাফল পাওয়ার জন্য অভ্যন্তরীণ কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নিরীক্ষা প্রশিক্ষণ জরুরি হয়ে পড়েছে। এই প্রশিক্ষণের পাঠ্যগুলো কর কর্মকর্তাদের অডিট কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনার ক্ষমতা বাড়াবে এবং তা থেকে রাজস্ব আয়ও বহুলাংশে বাড়বে। 

এনবিআর সদস্য (কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা) মোহাম্মদ জাহিদ হাছান বলেন, এই প্রশিক্ষণ ফাইন্যান্সিয়াল অডিট, কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং এনভায়রনমেন্ট এবং বাংলাদেশের নির্দিষ্ট কিছু অডিট যেমন ট্যাক্স অডিট, ব্যাংকিং বীমা এবং টেলকো শিল্পের মধ্যে ট্যাক্স অডিট পরিচালনার ওপর বিশেষ নজর দেবে। এই প্রশিক্ষণটি প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষায়িত প্রতিষ্ঠানের প্রশিক্ষক দ্বারা পরিচালনা করা হবে।

কেন এই প্রশিক্ষণ এই প্রশ্নের উত্তরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি জুরাটে স্মালস্কেইট মেলভিল বলেন, কর ব্যবস্থার আধুনিকীকরণ ত্বরান্বিত হচ্ছে এবং শুধু পরিবেশ রক্ষায় কাগজের ব্যবহার কমাতেই নয় বাংলাদেশের কর ব্যবস্থাকে আরও দক্ষ করে গড়ে তোলার জন্যই এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। তিনি বলেন, রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের এই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে হবে। তিনি ইউরোপীয় ইউনিয়নের এই সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত