টিভি নাটকের তুমুল জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। টিভি চ্যানেলের পাশাপাশি ওটিটিতেও কাজ করছেন। সমসাময়িক বিষয়ে কথা বলেছেন তিনি
ব্যস্ততা...
কয়েকটি নাটকের কাজ হাতে আছে। সেগুলোর কাজ করছি। এর মধ্যে বিশেষ দিবস ও ঈদের জন্য কয়েকটি নাটকের শ্যুটিং শেষ করেছি। নতুন কিছু স্ক্রিপ্ট হাতে এসেছে। সেগুলো নিয়ে ভাবছি।
সাম্প্রতিক সাড়া...
সম্প্রতি আমার অভিনীত অনেকগুলো নাটক প্রচার হয়েছে। নাটকের গল্প ও চরিত্র সুন্দর ছিল। প্রচারের পর দর্শক আগ্রহও ভালো দেখছি। এখন দিন যত অতিবাহিত হয়, প্রচার হওয়া নাটকে দর্শকের আগ্রহ তত বাড়ে।
রোমান্টিক ইমেজ...
অভিনয় আমার কাজ। মূলত ভালো গল্প এবং চরিত্রে আমি অভিনয় করতে চাই। নির্মাতা আমাকে যে চরিত্রে অভিনয় করতে বলেন, সেটি করি। তারা হয়তো আমাকে রোমান্টিক ধাঁচের নাটকেই বেশি দেখতে চান। ফলে কোন চরিত্র কেমন এবং দর্শক কীভাবে নেবেন, সেটি আমি জানি না। আমার অভিনয় যখন দর্শক পছন্দ করেন, তখন খুব ভালো লাগে। যখন কেউ কাজের সমালোচনা করেন, তখন আরও সচেতন হয়ে কাজ করার চেষ্টা করি। আমি নির্দিষ্ট কোনো গল্প বা চরিত্রে অভিনয় করব, অন্য চরিত্রে করব না, এমন ভাবি না। ভালো যেকোনো চরিত্রেই অভিনয় করতে চাই।
ধারাবাহিক নাটকে...
ধারাবাহিক নাটকে অনীহা, এটা ঠিক কথা না। তবে ধারাবাহিক নাটকে কম অভিনয় করি। একক নাটক নিয়ে ব্যস্ততা বেশি। বিষয়টি এমন, আমি এখন যে নাটক নিয়ে ব্যস্ত আছি এ অবস্থায় অন্য কোনো গল্প নিয়ে এলে তো সময় দিতে পারব না। ব্যস্ততাই আমার কাছে মূল বিষয়।
ওয়েব প্ল্যাটফর্মে...
ওয়েব প্ল্যাটফর্ম তো এখন কাজের জন্য দারুণ জায়গা। তাই এটাকে নেতিবাচকভাবে দেখার কিছু নেই। আমিও এ মাধ্যমে কাজ করেছি। রেডিও, টেলিভিশনের মতোই ওটিটি একটি প্রচারমাধ্যম। তবে আমার কথা হচ্ছে, নাটক যেখানেই প্রচার হোক সবার উচিত যত্ন নিয়ে কাজ করা।
গানের দুর্বলতা...
এটা সত্যি যে গানের প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে। একটা সময় বন্ধুদের সঙ্গে গিটার বাজিয়ে গান করতাম। এখন সেভাবে সময় দেওয়া হয় না। তবে কয়েক বছর আগে নাটকে রবীন্দ্রসংগীত গেয়েছি। গান গাওয়ার ইচ্ছা আছে। ভালো কথা ও সুরের গান পেলে অবশ্যই গাইব। তবে কবে গাইব, এটি ঠিক বলতে পারছি না।
