সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ০৬:৪৫ এএম

সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, আগামী দিনের পুলিশিং হবে বিজ্ঞাননির্ভর, জ্ঞানভিত্তিক ও মানবিক পুলিশিং।

গতকাল রবিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপি প্রবেশনারদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মো. মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (অর্থ) মো. শাহাবুদ্দিন খাঁন, অতিরিক্ত আইজি (এইচআর) ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবীন কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, ‘পুলিশিং একটি চ্যালেঞ্জিং পেশা। এ পেশায় প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এজন্য আপনাদের তৈরি থাকতে হবে। বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার এক বছরের মৌলিক প্রশিক্ষণের ফলে গোয়েন্দা তথ্য, তথ্যপ্রযুক্তিসহ অন্য কলাকৌশল ব্যবহারের মাধ্যমে অপরাধ মোকাবিলায় আপনারা পেশাগত দক্ষতা অর্জন করবেন।’ তিনি গভীর মনোনিবেশ ও কঠোর অনুশীলনের মাধ্যম প্রশিক্ষণ গ্রহণের জন্য নবীন কর্মকর্তাদের নির্দেশনা দেন।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। আপনাদের হাত ধরেই আগামী দিনে বাংলাদেশ বঙ্গবন্ধুর ‘সোনার বাংলায়’ পরিণত হবে।

উল্লেখ্য, ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচে ৭০ জন কর্মকর্তা এএসপি হিসেবে পুলিশে যোগদান করেছেন। তাদের মধ্যে ৬৩ জন পুরুষ ও সাতজন নারী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত