ধাক্কা দিয়ে আওয়ামী লীগকে ফেলে দেওয়া যাবে না, ১০ ডিসেম্বর তা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি গতকাল রবিবার বিকেলে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচনে খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, খেলা হবে লুটপাটের বিরুদ্ধে। এখন সেমিফাইনাল খেলা চলছে। ফাইনাল খেলা হবে আগামী জাতীয় নির্বাচনে। ১০ তারিখ তো চলে গেল কোথায় বিএনপির নেতারা। বেগম জিয়া তো ক্ষমতা দখল করতে পারল না, উনি যেখানে ছিল সেখানেই আছে। তারেক জিয়া তো মুচলেকা দিয়ে লন্ডনে গিয়েছে। দেখতে দেখতে ১৫ বছর চলে গেল। তারেক রহমান আসবে কোন বছরে? মানুষ বাঁচে কয় বছর। আন্দোলন হলে রাজপথ, জনপথ, শহর, পাড়া-মহল্লা, ইউনিয়ন ও জেলা পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের রিজার্ভ কমে গিয়েছিল, এখন বাড়ছে। তিন মাসের আমদানি রিজার্র্ভ থাকার কথা থাকলেও আমাদের এখন ৫ মাসের রিজার্ভ হাতে আছে। মানুষ কষ্ট করে এমন কোনো মেগা প্রকল্প শেখ হাসিনা গ্রহণ করবেন না। বিশ^ সংকট, তবুও ভয় পাইনি আমরা। দেশে খাবার মজুদ আছে। দেশ আবার ঘুরে দাঁড়াবে। আমাদের লক্ষ্য উন্নয়নশীল রাষ্ট্র। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। দেশের মানুষ কয়েক দিন লোডশেডিংয়ে ভোগান্তি পোহালেও এখন কোনো লোডশেডিং নেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিদেশিরা সংহতি প্রকাশ করেন। যখন পুলিশের ওপর হামলা হয়, তখন আপনারা কই থাকেন। আপনারা ইসরায়েলে গুলি থামাতে পেরেছেন। দুষ্ট ছেলে ইসরায়েল আপনাদের মানে না।’
তিনি আরও বলেন, ‘বিএনপির আমলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি। তাদের আমলে বিএনপি নেতাদের পকেটের উন্নয়ন হয়েছে।’ খেলা হবে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘১০ ডিসেম্বর বিএনপি ফেল করেছে। বিএনপির ৫ জন সংসদ সদস্যের পদত্যাগ গৃহীত হয়েছে। বাকি জন বিদেশে থাকার কারণে করতে পারে নাই। পরে তারাও করবে। জাতীয় সংসদে আওয়ামী লীগের বিশাল সংখ্যাগরিষ্ঠতা আছে। বিএনপির সাতজন চলে গেলে সংসদ অচল হয়ে পড়বে, এটা ভাবার কোনো কারণ নেই। এর জন্য দলটিকে অনুতাপ করতে হবে। এ বুদ্ধি যারা দিয়েছেন, তারা অচিরেই পস্তাবে।’
ওবায়দুল কাদের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি পদে আগামী তিন বছরের জন্য অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুস সালামের নাম ঘোষণা করেন।
সম্মেলনে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, শিক্ষাবিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, মানিকগঞ্জ-১ আসনের সাংসদ নাঈমুর রহমান দুর্জয় প্রমুখ।
