কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় পর্তুগালের। ক্রিশ্চিয়ানো রোনালদো সেদিন মাঠ ছাড়েন কাঁদতে কাঁদতে। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে জানালেন মনের কথা। বললেন, বিশ্বকাপ জয়ের একরাশ স্বপ্ন অধরাই থেকে গেল।
৩৭ বছর বয়সী রোনালদো রবিবার ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট দিয়েছেন। তার পোস্টটি এখানে তুলে ধরা হলো-
‘পর্তুগালের হয়ে বিশ্বকাপ জেতা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ও সবচেয়ে উচ্চাভিলাষী স্বপ্ন। সৌভাগ্যবশত আমি অনেক শিরোপা জিতেছি, পর্তুগালের হয়েও। কিন্তু আমাদের দেশের নাম বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে রাখাই ছিল আমার সবচেয়ে বড় স্বপ্ন।’
‘এজন্য লড়াই করেছি। এই স্বপ্নের জন্য কঠোর পরিশ্রম করেছি। ১৬ বছরেরও বেশি সময় ধরে পাঁচটি বিশ্বকাপে গোল করেছি, সবসময় সেরা খেলোয়াড়দের পাশে থেকে এবং লাখ লাখ পর্তুগিজদের সমর্থন নিয়ে আমি আমার সবটুকু ঢেলে দিয়েছি, সবটুকু নিঙরে দিয়েছি মাঠে। আমি কখনই লড়াই থেকে মুখ ফিরিয়ে নিইনি এবং আমি কখনই সেই স্বপ্নের হাল ছাড়িনি।’
‘দুঃখজনকভাবে গতকাল (শুক্রবার) স্বপ্ন শেষ হয়ে গেছে। মুহূর্তের উত্তেজনায় প্রতিক্রিয়া জানানো ঠিক নয়। আমি শুধু সবাইকে বলতে চাই যে, (আমাকে নিয়ে) অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু লেখা হয়েছে, অনেক গুঞ্জনও ছড়ানো হয়েছে, কিন্তু পর্তুগালের প্রতি আমার নিবেদন এক মুহূর্তের জন্যও পরিবর্তন হয়নি। আমি সবসময় সবার লক্ষ্যের জন্য একই লড়াইয়ে ছিলাম এবং আমি কখনই আমার সতীর্থের ও আমার দেশের থেকে মুখ ফিরিয়ে নেব না।’
