ফারদিন হত্যাকাণ্ড: প্রতিবেদন দাখিল পিছিয়ে ১৫ জানুয়ারি

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ০৬:৫৫ পিএম

বুয়েট ছাত্র ফারদিন নূর হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ২০২৩ সালের ১৫ জানুয়ারি ধার্য করেছে আদালত। সোমবার (১২ ডিসেম্বর) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মজিবুর রহমানের অপরাগতায় ঢাকার মহানগর হাকিম শান্ত ইসলাম মল্লিক প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ঠিক করেন।

এদিকে, ফারদিন হত্যা মামলার তদন্তের গতিতে হতাশা প্রকাশ করে আসছেন তার বাবা কাজী নূরউদ্দিন। বুয়েট শিক্ষার্থীরাও দ্রুত তদন্ত শেষ করে অপরাধীদের চিহ্নিত করার দাবি জানিয়ে আসছে। আলোচিত এই মামলার তদন্ত গোয়েন্দা পুলিশ (ডিবি) করলেও র‌্যাব ছায়াতদন্ত চালিয়ে যাচ্ছে।

এর আগে, নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ৭ নভেম্বর ফারদিনের লাশ উদ্ধার করে নৌ পুলিশ। নারায়ণগঞ্জের হাসপাতালে ময়নাতদন্তের পর চিকিৎসক বলেন, এই তরুণ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে তারা মনে করছেন। মারার আগে তার ওপর নির্যাতনও চালানো হয়।

পরে, ফারদিনের বাবা কাজী নূরউদ্দিন বাদী হয়ে ৯ নভেম্বর রামপুরা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামির তালিকায় শুধু ফারদিনের বান্ধবী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাতুল্লাহ বুশরার নাম উল্লেখ করা হয়। তদন্তকারী সংস্থা ডিবি বুশরাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও খুনের বিষয়ে তার কাছ থেকে কোনো তথ্য না পাওয়ার কথা জানিয়েছে। বুশরা রিমান্ড শেষে গত ১৬ নভেম্বর থেকে কারাগারে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত