ব্রাজিলও এখন আর্জেন্টিনার পক্ষে

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১০:২৮ পিএম

মাঠের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিল। কিন্তু মাঠের বাইরে লাতিন আমেরিকান পরিচয়ে তারা ঐক্যবদ্ধ। তাই, ক্রোয়েশিয়ার সঙ্গে সেমিফাইনালের আগে আর্জেন্টিনার পক্ষে নিজেদের অবস্থান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল।

সোমবার স্পোর্টস সেন্ট্রাল ব্রাজিলে দেশটির ফুটবল সংস্থার ভাইস প্রেসিডেন্ট ফের্নান্দো সার্নে আর্জেন্টিনার প্রতি এই সমর্থনের কথা জানিয়েছেন।

তিনি বলেন, 'আমাদের একতা বজায় রাখতে হবে। এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, আমরা সবাই আর্জেন্টাইন। আমি আশা করি, তারা বিশ্ব সেরার ট্রফি দক্ষিণ আমেরিকায় নিয়ে আসবে।'

বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই দেখার আশায় ছিল ফুটবল বিশ্ব। ব্রাজিল আগেভাগে বিদায় নেওয়ায় সেটা আর হচ্ছে না। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষেই হেরেছে তারা।

লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত একটায় কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েটদের সঙ্গে লড়বে আর্জেন্টিনা।

উল্লেখ্য, বিশ্বকাপ শুরুর পর আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিও একইরকম কথা বলেছিলেন। যদি তারা বিদায় নেন তাহলে ব্রাজিলকে সমর্থন দেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত