চাঁদে টিকতে রশিদকে সক্ষম করা এক নারী

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ০২:৩৫ এএম

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের চন্দ্রযান ‘রশিদ’ গত রবিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ-ক্যানাভেরালের মহাকাশ কেন্দ্র থেকে চাঁদে রওনা দিয়েছে। ইলন মাস্কের মহাকাশযান প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে চন্দ্রযানটি উৎক্ষেপণ করা হয়। ছোট এ যানটি জাপানের তৈরি মুন ল্যান্ডার হাকুতু-আর মিশন-১ এর দিকে যাচ্ছে। জাপানের মুন ল্যান্ডারটির মাধ্যমে আরব আমিরাতের ‘রশিদ’ চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে। যদিও চন্দ্রযান উৎক্ষেপণে সফল হলেও, এটি নিশ্চিতভাবে চাঁদে অবতরণ করবে এর নিশ্চয়তা নেই। সাম্প্রতিক সময়ে ব্যর্থ হয়েছে ভারত ও ইসরায়েলের চন্দ্রাভিযান। চাঁদে যেহেতু কোনো বায়ুমণ্ডল নেই তাই সেখানে অবতরণ করার বিষয়ট বেশ জটিল। তাই রশিদের চন্দ্রাভিযান সফল নাকি ব্যর্থ হবে তা সময়ই বলে দেবে। তবে আপাতত ইতিহাস গড়েছে আমিরাত, কারণ আরব দেশগুলোর মধ্যে এই দেশটিই প্রথম চাঁদে অবতরণের অভিযান চালাল। একই সঙ্গে ইতিহাস গড়েছে দেশটির চন্দ্রযান বা রোভার ‘রশিদ’ এর নেপথ্যে থাকা আমিরাতি তরুণদের একটি দল। এই দলেরই একজন রিম আলমেহিসনি। চন্দ্রযানটির থার্মাল কন্ট্রোল সিস্টেম বা তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার সার্বিক দায়িত্ব ছিল এই আমিরাতি তরুণীর ওপর। চাঁদের রুক্ষ-প্রতিকূল পরিবেশে টিকে থাকতে প্রয়োজন উন্নত থার্মাল কন্ট্রোল সিস্টেম। রশিদের জন্য এই ব্যবস্থা নিশ্চিতের গুরুদায়িত্ব পালন করেন রিম। আমিরাতের মহাকাশ অভিযানের ইতিহাসের অংশ এই তরুণী বলেন, ‘ কাজটি ভীষণ চ্যালেঞ্জিং ছিল, প্রথমত চাঁদের পৃষ্ঠের পরিবেশ-প্রকৃতি বুঝতে পারাটাই তো বড় চ্যালেঞ্জ। এজন্য বারবার বুঝেশুনে ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষা চালাতে হয়েছে।’ নিজেদের গড়া চন্দ্রযান রশিদ চাঁদের দিকে যাত্রা শুরু করায় দারুণ উচ্ছ্বসিত রিম বলেন, ‘এখন আশা করছি রশিদ চাঁদে অবতরণ করতে পারলে ইনশাআল্লাহ তাপমাত্রা সংক্রান্ত তথ্যাবলি হাতে আসবে, সেসব বিশ্লেষণ করে বোঝা যাবে আমার করা যে ডিজাইনটি বাস্তবায়িত হয়েছে সেটি কাজে এসেছে, সফল হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত