বিমানের সিটের নিচে ১২ কেজি সোনা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ০২:৩৮ এএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১২ কেজি ওজনের সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল সোমবার সিঙ্গাপুর থেকে আসা ফ্লাইটটি থেকে ওই সোনা উদ্ধারের পর জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সিঙ্গাপুর থেকে  আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে ১২ কেজি বা ১ হাজার ৩৪ ভরি ওজনের সোনা জব্দ করা হয়। জব্দ করা সোনার বাজার মূল্য প্রায় ৮ কোটি টাকা।’

শুল্ক গোয়েন্দারা জানান, সিঙ্গাপুর থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৫৮৫ ফ্লাইটের মাধ্যমে সোনা চোরাচালান হতে পারে বলে তারা গোপন সংবাদ পান। এর ভিত্তিতে শুল্ক গোয়েন্দাদের একটি দল বিমানবন্দরে অবস্থান নেয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ফ্লাইটটি অবতরণ করলে তল্লাশি চালিয়ে বিমানের ২(এ) এবং ৩(এফ) নম্বর আসনের নিচে বিশেষ কৌশলে লুকানো ও পরিত্যক্ত অবস্থায় কালো রঙের স্কচটেপ মোড়ানো অবস্থায় সন্দেহজনক ছয়টি বান্ডিল পাওয়া যায়। কাস্টম হাউজের ব্যাগেজ কাউন্টারে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে বান্ডিলগুলো থেকে ১২টি সোনার বার (প্রতিটি ১০০০ গ্রাম) উদ্ধার করা হয়। যার মোট ওজন ১২ কেজি। উদ্ধার করা সোনার বারগুলোর বাজারমূল্য ৮ কোটি ৪০ লাখ টাকা। জব্দ করা বারগুলো ঢাকা কাস্টম হাউজের গুদামে জমা দেওয়া হয়েছে। সোনা উদ্ধারের এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত