ফ্রান্সের বিপক্ষে ম্যাচে কিলিয়ান এমবাপ্পেকে আটকানোর দায়িত্ব ছিল কাইল ওয়াকারের ওপরে। সেই কাজে খুব একটা সফল হননি তিনি। ম্যাচ শেষে এমবাপ্পে গিয়েছিলেন হাত মেলাতে। কিন্তু ওয়াকার তাতে পাত্তা দেননি। খেলা শেষ হওয়ার দুই দিন পর প্রকাশ্যে আসা এক ভিডিওতে সেটাই দেখা গেছে। আর তা দেখে শুরু হয়েছে তোলপাড়। ফরাসী সংবাদমাধ্যম ইংরেজ ফুটবলারের কাণ্ডে রীতিমতো ফুঁসছে।
ম্যাচের আগে থেকেই যে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, সেটা এই ভিডিও দেখে বোঝা গেছে। মাঠে নামার আগে টানেলে সাধারণত ফুটবলাররা একে অপরের সঙ্গে হাত মেলান। ক্লাব সতীর্থের দেখা পেলে তাকে জড়িয়ে ধরেন।
এমবাপ্পে যদিও ওয়াকারের সঙ্গে এক ক্লাবে খেলেন না। কিন্তু সৌজন্যের খাতিরে তিনি হাত মেলাতে গিয়েছিলেন। প্রথমে ওয়াকারের সঙ্গে, তার পর জর্ডান হেন্ডারসনের সঙ্গে। কিন্তু কেউই আগ্রহ দেখাননি। চুপচাপ দাঁড়িয়ে থাকেন। এমবাপ্পে কিছুক্ষণ হাত বাড়িয়ে থাকার পর হাসতে হাসতে সরে যান।
ফ্রান্সের ফুটবলার এই ঘটনাটি পাত্তা না দিলেও, ভিডিও প্রকাশ্যে আসতে তোলপাড় হয়েছে। ফরাসি সংবাদমাধ্যমের দাবি, এমবাপ্পেকে অপমান করা হয়েছে। ভদ্র বলে তিনি কিছু বলেননি। যদিও ফরাসি সংবাদমাধ্যমের দাবি উড়িয়ে দিয়েছে ইংরেজ সংবাদমাধ্যম।
