জামায়াতের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ০৪:১১ এএম

রাজশাহীতে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা হয়েছে। এ সময় ইটের আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর উপশহর মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে দুপুর পৌনে ২টার দিকে নগরীর নিউমার্কেট এলাকা থেকে জামায়াত-শিবির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি দড়িখরবোনা মোড়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভার সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে জামায়াত-শিবিরকর্মীরা পালিয়ে যান। পালানোর সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে হায়দার আলী নামে পুলিশের এক এসআই আহত হন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রফিকুল আলম বলেন, ‘নিউমার্কেট এলাকা থেকে জামায়াত-শিবিরের একটি ছোট বিক্ষোভ মিছিল বের হয়। এর পরপরই পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় তারা ইটপাটকেল ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। পরে বিস্তারিত জানাব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত