৮ পণ্য বাকিতে আনার সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ০৪:১২ এএম

ডলার সংকটের মধ্যে রোজার সময় যেন ঘাটতি না পড়ে, সেজন্য ৮ পণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকে সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিটের আওতায় ৯০ দিনের মধ্যে অর্থ পরিশোধের চুক্তিতে এসব পণ্য আনা যাবে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, খেজুর, ছোলা, ভোজ্য তেল, ডাল, মটর, পেঁয়াজ, মসলা ও চিনি বাকিতে আনা যাবে। এ সুযোগ আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত সময়ে খোলা এলসির ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। গত রবিবার এসব পণ্য আমদানিতে ন্যূনতম মার্জিনে ঋণপত্র এলসি খুলতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে গত জুলাই মাসে ডলার সাশ্রয়ে আমদানি নিয়ন্ত্রণে নির্দিষ্ট কিছু পণ্যে ৭৫ থেকে শতভাগ নগদ মার্জিন আরোপের পাশাপাশি এসব পণ্যের বিপরীতে কোনো ধরনের ব্যাংকঋণ দিতে নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ওই তালিকার বাইরে রাখা হয় শিশুখাদ্যসহ অত্যাবশ্যকীয় খাদ্যপণ্য, জ্বালানি, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক স্বীকৃত জীবন রক্ষাকারী ওষুধ ও সরঞ্জামসহ চিকিৎসাসংক্রান্ত কাজে ব্যবহৃত দ্রব্যাদি, উৎপাদনমুখী স্থানীয় শিল্প ও রপ্তানিমুখী শিল্পের জন্য সরাসরি আমদানিকৃত মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল, কৃষি খাতসংশ্লিষ্ট পণ্য এবং সরকারি অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পে ব্যবহারের জন্য অত্যাবশ্যকীয় পণ্য। গত জুলাইয়ের সার্কুলারেই আবশ্যকীয় খাদ্যপণ্যের মার্জিনের বিষয়ে কোনো কড়াকড়ি নির্দেশনা রাখা হয়নি।

এর মধ্যেই সোমবার গভর্নরের সঙ্গে বৈঠকে ব্যবসায়ী নেতারা এলসি জটিলতায় রোজায় পণ্য সরবরাহ বিঘিœত হওয়ার শঙ্কার কথা জানান। রোজার পণ্য আমদানিতে এলসি খুলতে রিজার্ভ থেকে ডলার সুবিধাও চান তারা। তার পরদিনই নতুন নির্দেশনা এলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত