কালিয়াকৈরে পুলিশ শ্রমিক সংঘর্ষে আহত ১২

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ০৪:১৯ এএম

গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে ঢাকান্ডটাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। গতকাল মঙ্গলবার এ ঘটনায় ঘণ্টাখানেক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এসময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছে।

এলাকাবাসী, শ্রমিক-পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় নিউ লাইন ক্লোথিং লিমিটেড কারখানার কর্মচারীদের তিন মাস ও শ্রমিকদের পাঁচ মাসের বেতন বকেয়া। এ নিয়ে গত কয়েক দিন ধরে অসন্তোষ চলছিল। কারখানার মালিকপক্ষে বারবার আশ^াস দিলেও শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করেনি। গতকাল সকালে কারখানায় যান শ্রমিকরা। কিন্তু তারা কাজে যোগ না দিয়ে বকেয়া বেতনের দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ করে। এক পর্যায় বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল ৯টার দিকে কারখানা থেকে বের হয়ে পাশের ঢাকান্ডটাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয় এবং বিক্ষোভ করতে থাকে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বুঝিয়ে মহাসড়ক থেকে সরাতে চাইলে শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করে এবং কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষের ঘটনায় স্থানীয় দোকানদার, পথচারী ও শ্রমিক আহত হয়। তাদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সকাল ১০টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আবার যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য কারখানা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ ফাঁড়ির কর্মকর্তা।

বিক্ষোভের বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক জাকির চৌধুরী সাংবাদিকদের জানান, গতকাল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের কথা ছিল। এটা দিতে না পারায় তারা আন্দোলন করেছে। আগামী ২৭ ডিসেম্বর শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।

কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ি পুলিশের ইনচার্জ পরিদর্শক শহিদুল ইসলাম জানান, পরিস্থিতি স্বাভাবিক আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত