সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২০-এর লিখিত ও মৌখিক পরীক্ষার ফল গতকাল বুধবার প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৩৭ হাজার ৫৭৪ জন প্রার্থী। নির্বাচিত প্রার্থীরা ইতিমধ্যে মোবাইলে এসএমএস পেয়েছেন। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) ফলাফল প্রকাশ করা হয়েছে।
গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিত প্রার্থীদের ৩১ ডিসেম্বরের মধ্যে সব সনদের মূলকপি ও জাতীয় পরিচয়পত্রের তিন কপি, পুলিশ ভেরিফিকেশন ফরম (যথাযথভাবে পূরণকৃত), সিভিল সার্জনের দেওয়া স্বাস্থ্যগত উপযুক্ততার সনদসহ সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে সশরীরে উপস্থিত হতে হবে।
জানা যায়, প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের জন্য ২০২০ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তখন ৩২ হাজার ৫৭৭টি পদ উল্লেখ করা হয়েছিল। ওই বছরের ২৫ অক্টোবর অনলাইনে আবেদন শুরু হয়। আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ প্রার্থী। নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে নেওয়া হলেও চূড়ান্ত ফলাফল একবারেই প্রকাশ করা হয়েছে।
কিন্তু এ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে দুই বছরেরও বেশি সময় লেগে যাওয়ায় অবসরজনিত কারণে ইতিমধ্যে ১০ হাজারের বেশি পদ শূন্য হয়। ফলে চাকরি প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের পাশাপাশি পরবর্তী সময়ে শূন্য হওয়া সব পদে নিয়োগের দাবিতে আন্দোলনে নামেন। এর পরিপ্রেক্ষিতেই উল্লিখিত পদের চেয়েও ৪ হাজার ৯৯৭টি বেশি পদে প্রার্থী চূড়ান্ত করা হলো।
