বিশ্বকাপের ছোঁয়া পেতে আর একটি মাত্র ম্যাচে জয় চাই লিওনেল মেসির। তবে সেই জয়টা তাদের পেতে হবে ফ্রান্সের বিপক্ষে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আবারও জায়গা করে নিয়েছে বিশ্বকাপের ফাইনালে। আগামী রবিবার অনুষ্ঠিত হবে শিরোপার লড়াই।
বিশ্বকাপের গত আসরে ফ্রান্সের বিপক্ষে হেরেই শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে। ফাইনালের আগে একটি পরিসংখ্যানও মেসির বিপক্ষে কথা বলছে। মেসি কখনো হারাতে পারেননি কিলিয়ান এমবাপ্পেকে।
আন্তর্জাতিক ফুটবল বা ক্লাব ফুটবল, মুখোমুখি লড়াইয়ে সব সময় মেসিকে হারিয়েছেন এমবাপ্পে।
আন্তর্জাতিক ফুটবলে মেসি-এমবাপ্পে দেখা হয়েছে একবারই। গত বিশ্বকাপে। এমবাপ্পের অভিষেকের পর এই দুই দল মুখোমুখিই হয়েছে ওই একবার। ফ্রান্স ম্যাচটা জিতেছিল ৪-৩ গোলে। ওই ম্যাচে জোড়া গোল করেছিলেন এমবাপ্পে। অন্যদিকে মেসি সতীর্থদের দিয়ে দুই করালেও নিজে গোল পাননি।
ক্লাব ফুটবলে মেসি-এমবাপ্পে এখন সতীর্থ। একই সঙ্গে খেলেন পিএসজিতে। গত বছর মেসি পিএসজিতে যোগ দেন। এর আগে মেসি যখন বার্সেলোনায় তখন এমবাপ্পের সঙ্গে তার মুখোমুখি লড়াই হয়েছিল। সেটা ২০২০-২১ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াই ছিল।
ক্যাম্প ন্যুতে প্রথম লেগের ম্যাচে পিএসজির ৪-১ গোলের জয়ে হ্যাটট্রিক করেছিলেন এমবাপ্পে। অন্যদিকে পেনাল্টি থেকে একটি গোল করেছিলেন মেসি। পিএসজির মাঠে ফিরতি লেগ ১-১ গোলে ড্র করেছিল বার্সেলোনা। এই ম্যাচেও দুই দলের দুই গোলদাতা মেসি ও এমবাপ্পে। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের জয়ে এমবাপ্পের পিএসজিই উঠেছিল কোয়ার্টার ফাইনালে।
এবারও কি শেষ হাসি এমবাপ্পেই হাসবেন? সেটা হলে বিশ্বকাপ অধরাই থেকে যাবে মেসির।
