বিজয় দিবসে টাইগারদের জার্সিতে জাতীয় পতাকা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ০২:৩০ পিএম

সারা দেশের মতো বিজয় দিবস উদযাপনে শামিল হলো জাতীয় ক্রিকেট দলও। চট্টগ্রামে ভারতের বিপক্ষে এই মুহূর্তে টেস্ট খেলছে তারা। মহান মুক্তিযুদ্ধে ঐতিহাসিক বিজয়ের ৫১ বছর উপলক্ষ্যে শুক্রবার জাতীয় পতাকা সম্বলিত বিশেষ জার্সি গায়ে মাঠে নেমেছেন সাকিব আল হাসান, লিটন দাসরা।

বাংলাদেশের জার্সিতে বুকের ডান পাশে সাধারণত থাকে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের লোগো। তবে এদিন যে জার্সিতে মাঠে নামলেন ক্রিকেটাররা, সেটি একটু ভিন্ন। এই জার্সির ডানপাশে জ্বলজ্বল করছে জাতীয় পতাকা। নিচে লেখা '৫১তম বিজয় দিবস।'

এদিন ম্যাচের তৃতীয় দিন চলছে। ম্যাচের বাকি দুই দিন আগের জার্সিতেই ফিরে যাবে বাংলাদেশ দল। বিজয় দিবসে ম্যাচ চলছে বলে আর তেমন কোনো আনুষ্ঠানিকতা রাখেনি বিসিবি। রাতে টিম হোটেলে অবশ্য দুই দলের জন্য করা হয়েছে প্রীতিভোজের ব্যবস্থা।

এবারের আগে কেবল একবারই বিজয় দিবসে আন্তর্জাতিক ম্যাচে মাঠে ছিল বাংলাদেশ জাতীয় দল। চট্টগ্রামের এম. এ. আজিজ স্টেডিয়ামে ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হয়েছিল ১৬ ডিসেম্বর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত