বিজয় দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ কেটেছে লো স্কোরিংয়ে। শহীদ জুয়েল ও শহীদ মোস্তাক একাদশের হয়ে বর্তমান ক্রিকেটারদের লড়াইয়ে জিতেছে শহীদ জুয়েল একাদশ। ম্যাচে একমাত্র হাফ সেঞ্চুরি করা ইমরুল কায়েসের ব্যাটে ৪ উইকেটে জিতেছে তারা। আগে ব্যাট করে মোস্তাক একাদশ ১৯.৪ ওভারে ১২৩ রানে অলআউট হয়। জবাবে ৬ উইকেটে ১২৭ রান করে জুয়েল একাদশ।
এই প্রীতি ম্যাচে বরাবরই সাবেক ক্রিকেটাররা খেলে থাকেন। এবার ব্যতিক্রম হলো ক্রিকেটাররা বিরতিতে থাকায়। তাদের নিয়েই গড়া হলো দল। তাতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন জুয়েল একাদশ মোহাম্মদ মিঠুন। আকবর আলির ২৮ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৫, সৌম্য সরকারের ২৩ বলে ২২, সৈকত আলির ১৪, তানজিদ তামিমের ১৩ এবং সাইফউদ্দিনের ১৩ রানে ১২৩ করে মোস্তাক একাদশ। তিনটি করে উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি, মৃত্যুঞ্জয় চৌধুরী ও আরাফাত সানি। জবাবে জুয়েল একাদশের মাত্র দুই ব্যাটার
দু অঙ্কের ঘরে রান তোলেন। তাদের ব্যাটেই জয় নিশ্চিত হয়। ইমরুল ৪৮ বলে ৯ চারে করেন ৫৮ আর জিয়াউর রহমান ২১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৬ রানে অপরাজিত ছিলেন।
