কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল ম্যাচের রেফারি হিসেবে থাকবেন পোলিশ সিমন মার্চিনিয়াক। ফিফা বিষয়টি নিশ্চিত করেছে। এবারের বিশ্বকাপে এর আগে আর্জেন্টিনা ও ফ্রান্সের ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে তার।
ফাইনাল ম্যাচে সবকিছু নিয়েই বাড়তি আগ্রহ থাকে সমর্থকদের মনে, কৌতূহল থাকে রেফারি নিয়েও। ইতিহাসের অংশ হয়ে যান রেফারিরাও। পোল্যান্ডের ৪১ বছর বয়সী রেফারি মার্চিনিয়াক ২৬ নভেম্বর গ্রুপ পর্বে ফ্রান্স-ডেনমার্ক ম্যাচ এবং ৩ ডিসেম্বর শেষ ষোলোয় আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচের দায়িত্বে ছিলেন। দুটি ম্যাচেই ফ্রান্স ও আর্জেন্টিনা জেতে ২-১ গোলে। ফাইনালে মার্চিনিয়াকের সহকারী হিসেবে থাকবেন পোল্যান্ডেরই পাভেল সকোলনিৎসকি ও তমাস লিসকিয়েভিচ।
অ্যামেচার ফুটবলে খেলার পাশাপাশি মাত্র ২১ বছর বয়সে রেফারিংয়ে নাম লেখা মার্চিনিয়াক। ২৫ বছর বয়সেই রেফারির পেশাকে বেছে নেন তিনি। রেফারি হিসেবে ফিফার তালিকাভুক্ত হন ২০১১ সালে। ২০১২ সালে রেফারি হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয় তার। ২০১৫ সালে ইউরো অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের ফাইনালের দায়িত্বে ছিলেন। ২০১৬ ইউরোতে তিনটি ম্যাচ পরিচালনার দায়িত্ব পান। ২০১৮ বিশ্বকাপেও বেশকিছু ম্যাচে দায়িত্ব পালন করেন। ওই বছরই উয়েফা সুপার কাপে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের লড়াইয়ে ছিলেন। এবার পেলেন আরও বড় দায়িত্ব ও সম্মান।
