ছাত্রলীগের পদ পেতে লিখিত পরীক্ষা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ০১:৫৮ এএম

রংপুরের কাউনিয়া উপজেলা এবং উপজেলার বিভিন্ন কলেজে ছাত্রলীগের কমিটির পদপ্রত্যাশীদের দিত হলো ৫০ নম্বরের পরীক্ষা। নেতৃত্বে আসার প্রতিযোগিতার এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগসহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।

গত বৃহস্পতিবার দুপুরে কাউনিয়া সরকারি কলেজের হলরুমে ছাত্রলীগের কর্মিসভা হয়। পরে সন্ধ্যায় পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত গ্রহণ শেষে ‘কারাগারের রোজনামচা’ ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই থেকে করা প্রশ্নে পরীক্ষা হয়। ৫০ নম্বরের এ পরীক্ষায় অংশ নেন অর্ধশতাধিক পদপ্রত্যাশী।

শিপুল নামে এক পদপ্রত্যাশী জানান, এবার রংপুর জেলা ছাত্রলীগ যে উদ্যোগ নিয়েছে, তাকে আমি সাধুবাদ জানাই। আগে নেতৃত্ব নির্বাচনে তোষামোদকারীরা স্থান পেত। এখন আর তা হবে না। বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ সম্পর্কে যারা ভালো জানবে, তারাই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন এবং নেতা নির্বাচিত হবেন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপল বলেন, আমরা দায়িত্ব পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে এটি প্রথম উপজেলা ও কলেজে  সাংগঠনিক সম্মেলন। ছাত্রলীগ শিক্ষার্থীদের সংগঠন। কাজেই শুধু এ উপজেলা নয়, রংপুর জেলার সব ইউনিটে এভাবে পরীক্ষা নিয়ে নেতৃত্ব বাছাই করা হবে।

জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন, ‘অনেকেই বঙ্গবন্ধুর জীবন-আদর্শ সম্পর্কে জানেন না। নেতা নির্বাচনের জন্য পরীক্ষার মাধ্যমে তারা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবেন-শিখতে পারবেন। “কারাগারের রোজনামচা” ও “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী” বইয়ের ওপরই আমরা পরীক্ষা নিচ্ছি। এই পরীক্ষার মাধ্যমে একটি নতুন অধ্যায় সৃষ্টি হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত