ফ্রান্সে আবাসিক ভবনে আগুন শিশুসহ নিহত ১০

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ০২:১০ এএম

ফ্রান্সে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে লিওঁ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ভলক্স-এন-ভেলিনে সাত তলার একটি আবাসিক ভবনে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। ১৭০ অগ্নিনির্বাপক কর্মীর প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় আরও চারজনের অবস্থা সংকটাপন্ন। দুই অগ্নিনির্বাপক কর্মীসহ ১০ জন কিছুটা আহত হয়েছেন।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড ডারমানিন বলেছেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। খুবই কঠিন অবস্থার মধ্যেও আটকে পড়াদের উদ্ধারে অগ্নিনির্বাপক কর্মীদের প্রচেষ্টার প্রশংসা করেছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মারা যাওয়া শিশুদের বয়স তিন থেকে ১৫ বছর। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্তকাজ শুরু হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা লে প্রোগ্রেস দে লিওঁ পত্রিকাকে বলেন, ‘আর্তচিৎকার শুনে আমার ঘুম ভাঙে। আমরা লোকজনকে সাহায্য করার চেষ্টা করেছিলাম, কিন্তু ধোঁয়ার পরিমাণ ছিল অনেক বেশি।’

আগুন ছড়িয়ে পড়া অ্যাপার্টমেন্ট ব্লকটি লিওঁ শহরের উপকণ্ঠের একটি আবাসন প্রকল্পের অংশ। নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়ে ভবনের উপরের দিকে ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত