ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ রোববার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে ভোটগ্রহণ চলবে।
১৫টি পদের ৩টি পূর্ণাঙ্গ প্যানেল ও পৃথকভাবে একজন সাধারণ সম্পাদক প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার অধ্যাপক মিজানুর রহমান।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আওয়ামীপন্থী শিক্ষকদের পক্ষ থেকে ড. জাহাঙ্গীর হোসেনকে সভাপতি ও ড. তপন কুমার জোদ্দারকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ প্যানেল, বিএনপিপন্থীদের পক্ষ থেকে ড. এমতাজ হোসেনকে সভাপতি ও ড. ইদ্রিস আলীকে সাধরণ সম্পাদক করে পূর্ণাঙ্গ প্যানেল ও জামায়াতপন্থীদের পক্ষ থেকে ড. আবু সিনাকে সভাপতি ও ড. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন। এছাড়াও স্বতন্ত্রভাবে ড. খন্দকার তৌহিদুল আনাম নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এর আগে, গত ৫ ডিসেম্বর ১৫ পদের ৩টি পূর্ণাঙ্গ প্যানেলসহ স্বতন্ত্রভাবে ১ জন সভাপতি, ২ জন সাধারণ সম্পাদক ও ৫ জন সদস্য হতে মনোনয়নপত্র সংগ্রহ করলেও স্বতন্ত্র ১ জন সভাপতি ১ জন সাধারণ সম্পাদক ও ৫ জন সদস্য হতে আগ্রহী প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।
উল্লেখ্য, নির্বাচনে একজন করে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও ১০ জন সদস্য নিয়ে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠিত হবে।
নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক মিজানুর রহমান বলেন, এটা শিক্ষকদের সংগঠন। তাই এখানে পরম সহিষ্ণুতাই বড় বিষয়। আশাকরি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। সকলের সহযোগিতা কামনা করছি।
