অভিষেকে দুর্দান্ত জাকির

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ০২:২৫ পিএম

লাঞ্চের পর দ্রুতই ফিরে গেলেন নাজমুল হোসেন শান্ত। অভিষিক্ত জাকির হোসেনের সঙ্গে ১২৪ রানের উদ্বোধনী জুটির পতন হলো তাতে। চা বিরতির আগে আরও দুই উইকেট হারাল বাংলাদেশ। তবে এক প্রান্তে জাকির থাকলেন অবিচল।

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ভারতের দেওয়া ৫১৩ রানের পাহাড় লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ। ৩ উইকেটে ১৭৬ রান তুলে চা বিরতিতে গেছে স্বাগতিকরা।

জাকির ১৯৫ বলে ৮২ রানে অপরাজিত আছেন। আরেক প্রান্তে মুশফিকুর রহিম অপরাজিত ২ রানে।

বিনা উইকেটে ৪২ রান নিয়ে নতুন দিন শুরু করা বাংলাদেশ এদিন প্রথম সেশনে ৩০ ওভারে যোগ করে ৭৭ রান। লাঞ্চের পর শান্তকে ফিরিয়ে জুটি ভাঙেন উমেশ যাদব। অফ-স্টাম্পের বাইরের বলে ব্যাটের কানা লাগিয়ে বসেন নাজমুল। স্লিপে ক্যাচ মিস করেন বিরাট কোহলি।

তবে কোহলির হাত থেকে বল ছিটকে মাটিতে পড়ার আগেই ডাইভ দিয়ে তা গ্লাভসবন্দী করেন পন্ত। নাজমুল ১৫৬ বলে ৬৭ রান করেন। মারেন ৭টি চার। বাংলাদেশ ১২৪ রানে ১ উইকেট হারায়। এরপর ব্যাট করতে নামেন ইয়াসির আলি। ৫ রানের বেশি করতে পারেননি। বোল্ড হন অক্ষর প্যাটেলের বলে।

৬৯তম ওভারে কুলদিপ যাদবের বলে উমেশ যাদবের হাতে ধরা পড়েন লিটন দাস। ৫৯ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন লিটন। মারেন ২টি চার। বাংলাদেশ ১৭৩ রানে ৩ উইকেট হারায়।

এর আগে এরবার আউট হয়েও বেঁচে যান লিটন। উমেশ যাদবের বল তার ব্যাটের কানা ছুঁয়ে পন্তের গ্লাভসে জমা পড়ে। তবে আবেদন করেনি ভারতীয় দল। ফলে আউট দেননি আম্পায়ার।

প্রথম ইনিংসে ভারতের ৪০৪ রানের বিপরীতে বাংলাদেশ ১৫০ রানে ‍গুটিয়ে যায়। পরে ২ উইকেটে ২৫৮ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল ভারত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত