ফাইনালের আগে যে বার্তা দিলেন বেনজেমা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ০২:৫৯ পিএম

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে বধ করতে ফ্রান্স দলে করিম বেনজেমাকে ফেরানোর গুঞ্জনটা বোধহয় থামল এবার। ইনস্টাগ্রামে পোস্ট করে নিজেই বোধ হয় সে আলোচনা থামিয়ে দিলেন।

ইউরোপীয় একাধিক সংবাদমাধ্যম বলেছে, ফাইনালে দেশমের তুরুপের তাস হতে পারেন বেনজেমাই। এরপর বেনজেমা প্রসঙ্গে কোচের মন্তব্য নিয়ে আলোচনা কম হয়নি। সংবাদ সম্মেলনে বেনজেমাকে নিয়ে প্রশ্নটি শুনেই চোখেমুখে বিরক্তি ফুটিয়ে দেশম বলেছিলেন, ‘আমি এ প্রশ্নের উত্তর দিতে চাই না। দয়া করে পরের প্রশ্নটি করুন।’

দেশমের এ কথা থেকে দুটি বিষয় ধরে নিয়েছিল সবাই। প্রথমত, বেনজেমাকে তিনি যদি ফাইনালে খেলাতেই চান, সেটা আগেভাগে বলবেন না। দ্বিতীয়ত, প্রশ্নটি শুনে দেশম সত্যি সত্যিই হয়তো বিরক্ত হয়েছেন। অর্থাৎ, কোচের এমন কথার পরও বেনজেমার খেলার সম্ভাবনা একটু হলেও দেখেছিল অনেকে।

তবে ইনস্টাগ্রামে বেনজেমার পোস্টের পর হয়তো সে সম্ভাবনা আর কেউ দেখছেন না। ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে বেনেজমা লিখেছেন, ‘আমি আগ্রহী নই।’ বেনজেমা সরাসরি কিছু বলেননি। বিশ্বকাপ ফাইনালে খেলা নিয়ে যে তাঁর আগ্রহ নেই, সম্ভবত সেদিকেই তিনি ইঙ্গিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত