কোহলির হাত গলে বেরিয়ে যাওয়া ক্যাচ ধরলেন পান্ত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ০৩:৫৪ পিএম

ভুল করলেন বিরাট কোহলি। তবে রিশাভ পান্তের বিচক্ষণতার সেই ভুলের মাশুল গুনতে হলো না ভারতকে।

বাংলাদেশের বিপক্ষে শনিবার চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে স্লিপে ফিল্ডিং করার সময় সহজ ক্যাচ ছাড়েন বিরাট। তবে দুর্দান্ত ক্ষিপ্রতায় কোহলির হাত থেকে ছিটকে যাওয়া বল গ্লাভসবন্দী করেন পান্ত। ফলে উমেশ যাদবকে উইকেট পাওয়া থেকে বঞ্চিত হতে হয়নি শেষমেশ।

শেষ ইনিংসে বাংলাদেশের দুই ওপেনার দারুণ ব্যাটিং করছিলেন। ভাঙা যাচ্ছিল না জুটি। চতুর্থ দিনের প্রথম সেশন তো অবিচ্ছিন্ন থেকে কাটিয়ে দেন।

তবে লাঞ্চের পর ভুল করে বসেন নাজমুল হোসেন শান্ত। ৪৬.১ ওভারে উমেশ যাদবের অফ-স্টাম্পের বাইরের বলে ব্যাটের কানা লাগিয়ে বসেন। বল উড়ে যায় স্লিপে দাঁড়ানো বিরাট কোহলির দিকে। তবে কোহলি বল ধরতে পারেননি। তার হাত থেকে ছিটকে যায় বল।

সতর্ক ছিলেন উইকেটকিপার পান্ত। তিনি কোহলির হাত থেকে ছিটকে যাওয়া বল মাটিতে পড়ার আগেই গ্লাভসবন্দী করেন। ফলে ব্যক্তিগত ৬৭ রানে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় শান্তকে। বাংলাদেশ ১২৪ রানের মাথায় হারায় প্রথম উইকেট।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের সামনে লক্ষ্য ৫১৩ রানের। প্রথম ইনিংসে ভারতের ৪০৪ রানের বিপরীতে বাংলাদেশ ১৫০ রানে ‍গুটিয়ে যায়। পরে ২ উইকেটে ২৫৮ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল ভারত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত