লিওনেল মেসি যে শুধু একজন আর্জেন্টিনাইন নন, বিশ্ব ফুটবলেরই দূত। এবারের কাতার বিশ্বকাপ সেটারই প্রমাণ দিয়ে যাচ্ছে। চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিলের কিংবদন্তিরাও যেমন এবার মেসির হাতে শিরোপা দেখতে চাইছেন।
লুসাইল স্টেডিয়ামে আগামী রবিবার বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। লড়বে দুইবার করে বিশ্বকাপ শিরোপা জেতা ফ্রান্স ও আর্জেন্টিনা।
এ ম্যাচের আগে ব্রাজিলের সাবেক গোলরক্ষক জুলিও সিজার বলেছেন, ‘আমরা ব্রাজিলিয়ানরা কখনও আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাইব না। তবে আমি ভণ্ড নই। মেসিকে ভালোবাসি।’
জোড়া বিশ্বকাপজয়ী ফুটবলার কাফু রাখঢাক না রেখেই বলে দিয়েছেন, ‘আমি মেসিকে ভালোবাসি। ওর হাতেই বিশ্বকাপ দেখতে চাই। মেসিকে জিততে দাও। আমি সেরা ফুটবলারদের খেলা সবসময় উপভোগ করি।’ রবার্তো কার্লোস বলেছেন, ‘কাপ মেসির হাতে উঠলে খুশি হব।’
জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউস বলেছেন, ‘আমি চাই এ বার মেসি বিশ্বকাপ জিতুক। ওর ক্যারিয়ারের শেষটা এভাবেই হওয়া উচিত।’
মেসি ম্যাজিকে নিজের দেশ বিশ্বকাপ থেকে বিদায় নিলেও হতাশ নন ডাচ কিংবদন্তি ক্ল্যারেন্স সিডর্ফ। একধাপ এগিয়ে তিনি ফাইনালের স্কোর প্রেডিক্ট করে বলেছেন, ‘ফাইনালে এমবাপ্পেকে গোল করতে দেখতে চাইব। আবার চাইব মেসিও গোল করুক এবং আর্জেন্টিনা ফাইনাল জিতুক ২-১ গোলে।’
মেসির হাতে কাপ দেখতে চাওয়ার কথা বলেছেন উরুগুয়ের দিয়েগো লুগানো, দিয়েগো ফোরলান, কলম্বোর ইভান কর্ডোবা, স্পেনের ইকার ক্যাসিয়াস, সুইডেনের জ্লাতান ইব্রাহিমোভিচ থেকে থেকে মেক্সিকোর জর্জ ক্যাম্পোসরা।
