কাফু বললেন ফ্রান্সের গোল করা কঠিন হবে

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ০২:০২ এএম

আর্জেন্টিনার শিরোপা জিততে লিওনেল মেসির জ্বলে ওঠার কোনো বিকল্প নেই। এই বিষয়টি সাধারণ ফুটবলপ্রেমী থেকে ফুটবল পণ্ডিতও মনে করেন। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচগুলো বিশ্লেষণ করলেও তাই প্রমাণ হবে। তবে ব্রাজিলের সাবেক অধিনায়ক কাফু মনে করেন আর্জেন্টিনার শক্তির জায়গাটা রক্ষণভাগ। তাই ফাইনালে ফ্রান্সের গোল করা কঠিন হবে।

ফ্রান্সের বিপক্ষে ফাইনাল জয়ে আর্জেন্টিনার রক্ষণই মূল ভূমিকা রাখতে পারে বলে মনে করেন ২০০২ বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু। আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ওলেকে কাফু বলেন, ‘আর্জেন্টিনার রক্ষণ এবার খুব, খুব নিখুঁত। তারা জমাট রক্ষণ করছে। ফাইনালে ফরাসিদের জন্য একটা গোল করাই কঠিন হবে।’

ফাইনালে কোন দল সমর্থন করবেন এমন প্রশ্নে বেশিরভাগ ব্রাজিলিয়ানই বলছেন, তারা ব্রাজিলিয়ান হয়ে আর্জেন্টিনাকে সমর্থন করতে পারেন না। তবে এই প্রশ্নে কাফু তার উত্তরে বলেন, ‘আমি আগে মেসির সমর্থন করব, এরপর আর্জেন্টিনা। মেসিকে কেন চ্যাম্পিয়ন হতে দেখতে চাইব না। ব্রাজিল নেই। আমি তো মেসিরই সমর্থন করব।’ মেসির হাতে এবার কেন বিশ্বকাপ দেখতে চান, সেটাও বলেছেন কাফু, ‘দুর্দান্ত একটা বিশ্বকাপ কাটছে তার। প্রথম ম্যাচটা হারের পর আর্জেন্টিনা দল আর তার অনেক সমালোচনা হয়েছে। অনেকে তো তাদের বিশ্বকাপ থেকে ছিটকেই দিয়েছিল। এরপর মেসি সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়।’ বিশ্বকাপে ফাইনালে ওঠার পথে মেসি করেছেন ৫ গোল, করিয়েছেন তিনটি। গোল্ডেন বল ও বুট জয়ের দৌড়েও প্রথম দিকেই আছে মেসির নাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত