পেরুতে প্রেসিডেন্ট উৎখাত

যুক্তরাষ্ট্রের ভূমিকার তীব্র সমালোচনায় মেক্সিকোর প্রেসিডেন্ট

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ০২:১৮ এএম

পেরুর নির্বাচিত প্রেসিডেন্ট বামপন্থি নেতা পেদ্রো কাস্তিলোকে অভিসংশনের পর ক্ষমতায় বসাদের সঙ্গে সে দেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠকের তীব্র সমালোচনা করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর। এ ছাড়া পেরুতে জনগণের বিক্ষোভ দমনে ক্ষমতাসীনদের জরুরি অবস্থা জারিরও সমালোচনা করেছেন তিনি। খবর রয়টার্সের।

কাস্তিলোকে ক্ষমতাচ্যুত করার পর দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের সঙ্গে বৈঠক করায় মেক্সিকোর প্রেসিডেন্ট পেরুতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিসা কেনার তীব্র সমালোচনা করেন। সাংবাদিকদের সামনে তিনি প্রশ্ন রাখেন,পেরুতে তাদের কর্মকর্তাদের তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্র সরকার সচেতন কিনা? ব্লিংকেন (যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন) কি জানেন না তারা কী করছে? নাকি লিমায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের একার দায় এসব, অবশ্য তারাতো লাতিন আমেরিকায় এরকমটাই করে আসছে।’   

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পেদ্রো কাস্তিলোকেই পেরুর প্রকৃত প্রেসিডেন্ট বলেছেন মেক্সিকোর বামপন্থি প্রেসিডেন্ট ওব্রাদর। ভোটে নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দমনে জারি করা জরুরি অবস্থাকে মেক্সিকোর প্রেসিডেন্ট ‘অবরুদ্ধ অবস্থা’ হিসেবে অভিহিত করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘অবশ্যই বল প্রয়োগ করে জনগণকে দমন করা উচিত নয় এবং জনগণের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।’

গত সপ্তাহে পেরুর কংগ্রেস অভিশংসনের মাধ্যমে দেশটির বামপন্থি প্রেসিডেন্ট কাস্তিলোকে ক্ষমতাচ্যুত করে, এরপর কংগ্রেস ভেঙে দেওয়ার চেষ্টার দায়ে ক্ষমতা হারানো প্রেসিডেন্টকে গ্রেপ্তার করে। তারপর থেকে সরকারি হেফাজতে বন্দি আছেন তিনি। অভিসংশনের পরপরই মেক্সিকোয় আশ্রয় নিতে চেয়েছিলেন পেদ্রো। এদিকে পেরুর ক্ষমতায় বসাদের দাবি, পেদ্রোকে নিয়ে মেক্সিকোর সঙ্গে আলোচনা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত