বিদ্রোহী প্রার্থীদের ‘সাধারণ ক্ষমা’ আওয়ামী লীগের

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ০২:৩৫ এএম

স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থীসহ দলের প্রার্থীর বিরুদ্ধে কাজ করে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত শতাধিক নেতাকর্মীকে ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করেছে আওয়ামী লীগ। গতকাল শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলের জাতীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে বিদ্রোহীদের ক্ষমা করার সিদ্ধান্তের কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গণভবনের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে এ বিষয়ে তিনি বলেন, ‘জাতীয় কমিটি দলের শৃঙ্খলা ভঙ্গ, স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও দলীয় কোন্দল সৃষ্টিকারী শতাধিক আবেদন গ্রহণ করে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে।’

দলের আসন্ন সম্মেলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কৃচ্ছ্রসাধনের জন্য এবারের সম্মেলনের বাজেট ৩০ লাখ টাকা কমিয়ে ৩ কোটি ১৩ লাখ টাকা নির্ধারণ করেছে জাতীয় কমিটি। এর মধ্যে প্রচার ও প্রকাশনায় ২৪ লাখ, দপ্তরে ৫ লাখ, সংস্কৃতিকে ১০ লাখ, খাদ্যে ১ কোটি ৫৪ লাখ, মঞ্চ ও সাজসজ্জায় ১ কোটি ২০ লাখ টাকা খরচ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত