আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তর দিকের একটি সুড়ঙ্গ পথে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও অন্তত ৩২ জন।
কাবুল থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তরের সালাং সুড়ঙ্গ ১৯৬০ এর দশকে কমিউনিস্ট সোভিয়েত রাশিয়ার আক্রমণে সহায়তা করার লক্ষ্যে নির্মাণ করা হয়েছিল। দেশটির উত্তরাঞ্চলের সাথে দক্ষিণের যোগাযোগের মূল সংযোগ পথ এই সুড়ঙ্গ।
সড়ক সুড়ঙ্গটি আফগানিস্তানের পারওয়ান এবং বাঘলান প্রদেশের মধ্যে হিন্দুকুশ পর্বতমালার সালাং গিরিপথে অবস্থিত। এটি ২.৬৭ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক টানেল।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে সালাং সুড়ঙ্গে বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ পরিষ্কার হওয়া যায়নি।
পারওয়ান প্রদেশের মুখপাত্র সাইদ হাইমাতুল্লাহ শামিম বলেছেন, শনিবার রাতে সুড়ঙ্গে বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল্লাহ আফগানের মতে, পারওয়ানের স্বাস্থ্য বিভাগ এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ পেয়েছে। এছাড়া আহত ২৪ জনকে চিকিৎসা দিয়েছে।
তিনি বলেন, বিস্ফোরণে নিহতদের মধ্যে পাঁচ নারী ও দুই শিশু রয়েছে। বাকিরা মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
রবিবার সকালের দিকে দেশটির গণপূর্ত মন্ত্রণালয়ের মুখপাত্র মৌলভী হামিদুল্লাহ মিসবাহ বলেছেন, বিস্ফোরণের কারণে সুড়ঙ্গে ধরে যাওয়া আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
