কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর গ্রামের সাব্বির হোসেন (২১) ও আসলাম হোসেন (২১)। পাশাপাশি বাড়ির এই দুই যুবক একসঙ্গে খেলেছেন। প্রাথমিক ও মাধ্যমিকেও তারা ছিলেন সহপাঠী। বর্তমানেও তারা একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। গত শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় একই সঙ্গে ছেড়েছেন পৃথিবী। পাশাপাশি কবরে হয়েছে তাদের দাফন। গতকাল রবিবার জেলায় আরও এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও এক জন। এছাড়া হবিগঞ্জ ও নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আর দুই জন।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, গত শনিবার রাত ৮টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার কাদিরপুর খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার সামনে মোটরসাইকেলের সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার যান নসিমনের মুখোমুখি সংঘর্ষে আহত হন সাব্বির ও আসলাম। তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন রাসেল হোসেন (২২) নামের আরও একজন মোটরসাইকেল চালক।
নিহত সাব্বির খোকসা উপজেলার শোমসপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আর আসলাম মৃত আজম হোসেনের ছেলে। তারা কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র ছিল।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, খোকসা বাজার থেকে দুটি মোটরসাইকেল একসঙ্গে শোমসপুরের দিকে যাচ্ছিল। আর শোমসপুর থেকে ছেড়ে আসা নসিমনটি খোকসা বাজারের দিকে যাচ্ছিল। কাদিরপুর খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার সামনে দুই মোটরসাইকেলের সঙ্গে নসিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সাব্বির হোসেন ও রাসেল আহমেদ এবং আরোহী আসলাম হোসেন গুরুতর আহত হন। নিহত আসলামের খালাতো ভাই ফজলুর রহমান বলেন, সাব্বির ও আসলাম আত্মীয় হলেও দুজনকে সবাই ভালো বন্ধু হিসেবে চিনতেন। তাদের বেড়ে ওঠা, চলাফেরা, পড়াশোনা একই সঙ্গে ও একই প্রতিষ্ঠানে। এভাবে দুজন একসঙ্গে চলে যাবেন, কেউ ভাবতে পারেননি তারা। তাদের কবরও পাশাপাশি হয়েছে।
জেলার অপর দুর্ঘটনাটি ঘটেছে গতকাল সকাল ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষীপুর ভাটাপাড়া এলাকায়। সেখানেও ইঞ্জিনচালিত নসিমন ও বালু ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নছিমনের যাত্রী এনামুল (৪৫) নামে এক পান ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। এ-সময় ওই নছিমনের আরও ২ যাত্রী আহত হয়েছেন। নিহত এনামুল ঝিনাইদহের হরিণাকু- উপজেলার মৃত আজব মালিথার ছেলে।
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলার মৌজপুরের কাছে দুই সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এরুপ খান (৬৫) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় মতি মিয়া নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার কুশাব এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে ঘটে এ দুর্ঘটনা। ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে। ঘাটক ট্রাক জব্দ করেছে পুলিশ। নিহত মতি মিয়া উপজেলার কৃষ্ণনগর এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।
