‘সাহসে আর দায়িত্বে ভারসাম্যপূর্ণ হবে দেশ রূপান্তর’

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ০৪:৫৯ এএম

বস্তুনিষ্ঠ, নিরপেক্ষতা ও সংবাদ প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীলতার প্রতিশ্রুতি এ স্লোগান ধারণ করে যাত্রা শুরু করেছিল দৈনিক দেশ রূপান্তর। আজ ২০ ডিসেম্বর পাঠকপ্রিয়তায় শীর্ষস্থানীয় এ পত্রিকা চার বছর পেরিয়ে পাঁচ-এ পা রেখেছে। ২০১৮ সালের এই দিনে প্রখ্যাত সাংবাদিক ও সম্পাদক অমিত হাবিবের হাত ধরে পথচলা শুরু করেছিল দেশ রূপান্তর।

পত্রিকার দায় শুধু পাঠকের কাছে এ বিবেচনায় পাঠকের চাহিদাকে সম্মান দিয়ে স্বকীয়তা, উদ্ভাবনমূলক, নতুন চিন্তার প্রতিফলনের সঙ্গে অনুসন্ধানী ও পর্যবেক্ষণমূলক প্রতিবেদনের মাধ্যমে পাঠক ও গণমানুষের কাছে দেশ রূপান্তর উজ্জ্বল ব্যতিক্রম হয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পথচলা শুরুর মাত্র ১৫ মাসে দেশ রূপান্তর নিয়ে যখন নানা মহলে ইতিবাচক সাড়া ও আলোচনা শুরু হয়েছে তখনই এলো করোনা মহামারী। তবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের আন্তরিকতায় প্রতিকূল পরিস্থিতিতেও দমে যায়নি দেশ রূপান্তর। চলতি বছর ২৮ জুলাই পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক অমিত হাবিবের অকাল এবং অকস্মাৎ মৃত্যু ছিল বজ্রাঘাতের মতো।

এ শূন্যতা পূরণ হতে না হতেই বৈশি^ক অর্থনৈতিক মন্দা, পত্রিকার জন্য অপরিহার্য কাগজ ও অন্যান্য উপকরণের আকাশচুম্বী মূল্য সংকটকে নতুন মাত্রা দিয়েছে। বোদ্ধামহলের অভিমত, প্রযুক্তি আর কনটেন্টের এ সময়ে ছাপা পত্রিকা টিকে থাকার সংগ্রামেরত। তবে যাত্রা শুরুর সময়ের যে প্রতিশ্রুতি সঙ্গীন এ সময়েও তা থেকে সরে আসেনি দেশ রূপান্তর। নিজস্ব অবস্থান ধরে রেখে বিরূপ পরিস্থিতি সামাল দিয়ে দেশ রূপান্তর গণমানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে নিয়ত।

পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে বাংলা মোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে পত্রিকাটির কার্যালয়ে গতকাল সোমবার সন্ধ্যায় কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা। এর আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। দেশ রূপান্তরের প্রকাশক ও রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুলকে ফুল দিয়ে বরণ করেন ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন। রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পি জে উল্লাহকে বরণ করেন দেশ রূপান্তরের বার্তা সম্পাদক শাহ আলম বাবুল ও রূপায়ণ গ্রুপের মিডিয়া কো-অর্ডিনেটর মেহেদী হাসান। রূপায়ণ গ্রুপের উপদেষ্টা আবদুল গাফফারকে বরণ করেন প্রধান প্রতিবেদক উম্মুল ওয়ারা সুইটি ও বিশেষ প্রতিনিধি আশরাফুল হক, রূপায়ণ গ্রুপের পরিচালক (মানবসম্পদ ব্যবস্থাপনা ও প্রশাসন) লে. ক. (অব.) আব্দুল্লাহ ইবনে জায়েদকে বরণ করেন দেশ রূপান্তরের ব্যবস্থাপক (প্রশাসন) আনোয়ার চৌধুরী, ইউসুফ কবির এবং সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) এটিএম রোবায়েত আলী।

অনুষ্ঠানে দেশ রূপান্তরের প্রকাশক ও রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল তার বক্তব্যে পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত অমিত হাবিবকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

পত্রিকাসংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দেশ রূপান্তরের সবচেয়ে বড় সম্পদ তার সাহস। নানা সংকটের মধ্যেও প্রতিটি কর্মী সাহসের সঙ্গে পত্রিকাটিকে এগিয়ে নিতে কাজ করছেন। আমাদের যে কাক্সিক্ষত লক্ষ্য, এই সাহস যেন সেই বিজয় নিয়ে আসে আমি সেই প্রত্যাশা করি। তিনি বলেন, দেশ রূপান্তরের সেøাগান এটি দায়িত্বশীলদের দৈনিক। এখন দায়িত্বশীল লোকদের পাশাপাশি সমাজে আরও যারা আছে তাদের কীভাবে আরও দায়িত্বশীল করা যায় সেই চেষ্টা চালিয়ে যেতে হবে।

রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পি জে উল্লাহ বলেন, এই পত্রিকার শুরু থেকে প্রতিষ্ঠাতা সম্পাদকের সঙ্গে আমি ছিলাম। পত্রিকাটি ইতিমধ্যে পাঠকপ্রিয়তা পেয়েছে। যত পাঠক ও বিজ্ঞাপন বাড়বে তত আমাদের ভালো লাগবে। এখন ভারপ্রাপ্ত সম্পাদক দায়িত্ব নিয়েছেন। আশা করি পত্রিকাটি অনেকদূর এগিয়ে যাবে।

দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন বলেন, আমাদের পথ দেখিয়েছেন অমিত হাবিব। বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশে আমাদের সাহসিকতা যেমন চলবে তেমনি অতি সাহসিকতা দেখাতে গিয়ে আমরা আমাদের দায়িত্বশীলতাকে ভুলব না। দায়িত্বশীলতা ও সাহসের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ অবস্থানে পৌঁছব বলে আমি বিশ্বাস করি।

রূপায়ণ গ্রুপের মিডিয়া কো-অর্ডিনেটর মেহেদী হাসান বলেন, রূপায়ণ গ্রুপের মাননীয় চেয়ারম্যান দেশ রূপান্তর নিয়ে স্বপ্ন দেখেছেন। শুরু থেকেই প্রতিষ্ঠাতা সম্পাদক যখন যা চেয়েছেন-বলেছেন তিনি তাতে সায় দিয়েছেন। দেশ রূপান্তর চেয়ারম্যান স্যারের কাছে একটু আলাদা। ভারপ্রাপ্ত সম্পাদক মামুন ভাইয়ের নেতৃত্বে দেশ রূপান্তর এগিয়ে যাবে এটিই আমাদের প্রত্যাশা।

দেশ রূপান্তর ডিজিটালের ইনচার্জ হাবিবুর রহমান পলাশের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধান প্রতিবেদক উম্মুল ওয়ারা সুইটি ও বিশেষ প্রতিনিধি আশরাফুল হক।

এ সময় উপস্থিত ছিলেন দেশ রূপান্তরের উপ-প্রধান প্রতিবেদক প্রতীক ইজাজ, বিশেষ প্রতিনিধি সরোয়ার আলম, পাভেল হায়দার চৌধুরী প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ দিনভর প্রীতি সম্মেলন

প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ মঙ্গলবার দিনভর উৎসবমুখর থাকবে দেশ রূপান্তর কার্যালয়। বেলা ১১টায় রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল শুভেচ্ছা বক্তব্য রাখবেন। দুপুর ১২টায় হবে কেক কাটা ও পত্রিকাটির নতুন ওয়েবসাইট উদ্বোধন। বিকেল ৩টা থেকে দেশ রূপান্তরের কর্মীদের জন্য বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য রয়েছে বিভিন্ন বিভাগের বছরসেরা সংবাদকর্মীদের পুরস্কার, ক্রেস্ট ও অভিনন্দনপত্র প্রদান। এ ছাড়া পত্রিকাটির বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের তিন সেরা সাংবাদিককে পুরস্কৃত করা হবে। সন্ধ্যায় হবে সংবাদকর্মীদের আলোচনা, আড্ডা, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও পুরস্কার প্রদান অনুষ্ঠান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত