ফ্রান্সকে হারিয়ে কাতার বিশ্বকাপে শিরোপা জেতা আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আলাদা চিঠিতে আর্জেন্টিনাকে অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী তার চিঠিতে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে এবং দেশটির জনগণকে শুভেচ্ছা জানান। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী অভিনন্দন বার্তা পাঠিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরোকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অভিনন্দন বার্তায় লিখেছেন, ‘বাংলাদেশের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে, আর্জেন্টিনার ফুটবলের দুর্দান্ত জয়ে আপনাকে ও আর্জেন্টিনা প্রজাতন্ত্রের বন্ধুত্বপূর্ণ জনগণকে এবং ২০২২ ফিফা বিশ্বকাপ জয়ী দলকে আমাদের আন্তরিক অভিনন্দন।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি আনন্দের সাথে লক্ষ্য করেছি যে ফুটবলের প্রতি স্নেহ এবং ভালোবাসা, বিশেষকরে আর্জেন্টিনা ফুটবল দল, আমাদের দুই দেশের জনগনকে গভীরভাবে সংযুক্ত করে।’
‘আপনার জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ ফুটবল জয়ের স্বতঃস্ফূর্ত উদযাপনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তাদের প্রশংসা ও ভালোবাসার পরিচয় দিয়েছে।’
পররাষ্ট্রমন্ত্রী তার চিঠিতে লিখেছেন, ‘ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা দলের জয়ে বাংলাদেশের মানুষ যে স্বতঃস্ফূর্ত আনন্দ করেছেন তা দেখলে আপনি অভিভূত হবেন। আমি বিশ্বাস করি, আমাদের ভৌগোলিক অবস্থানের দূরত্বের পরও ফুটবলের প্রতি ভালোবাসার কারণে বাংলাদেশ ও আর্জেন্টিনার মানুষের হৃদয় সম্প্রীতিতে একীভূত।’
