ট্রাস্ট ও ইউসিবির ১৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ০২:২৯ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১ হাজার ৪০০ কোটি টাকার বন্ড প্রস্তাবের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এর মধ্যে ট্রাস্ট ব্যাংকের ৪০০ কোটি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১ হাজার কোটি টাকার বন্ড। গতকাল বুধবার এসইসির ৮৪৮তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

এসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের প্রস্তাবিত সাত বছরমেয়াদি ১ হাজার কোটি টাকার নন-কনভার্টেবল আনসিকিউরড ফ্লোটিং রেট পুরোপুরি অবসায়নযোগ্য সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর জন্য সম্মতি প্রদান করেছে। যার কুপন হার ৬ থেকে ৯ শতাংশের মধ্যে থাকবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, করপোরেট ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে। উল্লেখ্য, এ বন্ডের টাকায় ইউসিবি তাদের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে এবং প্রচলিত ব্যবসায়ে বিনিয়োগ করবে। শর্তানুযায়ী বন্ডটি অল্টারনেটিভ বোর্ডে অন্তর্ভুক্ত হবে।

ট্রাস্ট ব্যাংকের ৪০০ কোটি টাকা অভিহিত মূল্যের নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফ্লোটিং রেট সাব-অর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে, যার রেঞ্জ অব কুপন রেট ৬ থেকে ৯ শতাংশ। এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। এ বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ট্রাস্ট ব্যাংকের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে। বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত