বিশ্বকাপের আগে সবাই জেনেছে এটাই লিওনেল মেসির শেষ আসর। তবে বিশ্বকাপ শেষে বাজি পাল্টে গেল। মেসি এখন নতুন জীবন পেয়েছেন। তাই শীর্ষ পর্যায়ে মেসির আরও দুই বছর খেলা নিশ্চিত বলে জানিয়েছে স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভো।
এর আগে গুঞ্জন ছিল বিশ্বকাপ শেষে মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্তার মিয়ামিতে যাওয়ার চিন্তা শুরু করবেন। মেসি নিজেও বলেছিলেন এমএলএস খেলাটা হবে ‘স্বপ্ন সত্যি হওয়ার মতো’।
কিন্তু এখন পাশার দান উল্টে গেছে। এখন মেসির নয় তাকে নিজেদের লিগে আনা ‘স্বপ্ন’ এমএলএসের জন্য। অবিশ্বাস্য পারফরম্যান্সের এক বিশ্বকাপ কাটিয়ে যে নিজের তারুণ্য ফিরিয়ে এনেছেন মেসি। তাহলে এখন ইউরোপ ছেড়ে অনত্র যাবেন কেন।
আর্জেন্টিনা জাতীয় দলে খেলা নিয়ে ভাবতে হচ্ছে না মেসিকে। চাইলে পরের বিশ্বকাপও খেলতে পারেন তিনি। মেসির জন্য জায়গা খালি রাখার কথাও বলেছেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। তবে মেসিকে তার ক্লাব ক্যারিয়ার নিয়ে ভাবতে হচ্ছে। পিএসজিতে মেসি ৩০ জুনের পর চুক্তি নবায়ন করছেন তা ৯০ ভাগ পরিষ্কার বলে জানিয়েছে স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভো।
তবে নিউ ইয়র্কের ক্রীড়া বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান স্পোর্টলজি গ্রুপের প্রতিষ্ঠাতা মাইক ফোর্ডে জানালেন মেসিকে এখনই যুক্তরাষ্ট্রে আনার উপযুক্ত সময়। কারণ ২০২৬ বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। বেশিরভাগ ম্যাচ হবে যুক্তরাষ্ট্রেই। তাই দেশটির বিশ্বকাপকে বিশ্বব্যাপী পরিচয় করিয়ে দিতে মেসির চেয়ে বড় বিজ্ঞাপন আর হতে পারে না। তবে সেসব এখন তুলে রাখা কথা। যুক্তরাষ্ট্রে যাওয়ার সব সম্ভাবনা উড়িয়ে সেরা ফর্মের মেসি ইউরোপের সেরা লিগেই আরও কিছুদিন দাপিয়ে বেড়াবেন নিশ্চিত।
