প্রধান প্রকৌশলীর ক্ষমতা কেড়ে নিল মন্ত্রণালয়!

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ০৫:৪১ এএম

বিধিমতে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তার অধীন কর্মকর্তা-কর্মচারীদের পদক্রম অনুযায়ী সর্বোচ্চ নির্বাহী প্রকৌশলী পর্যন্ত বদলির এখতিয়ার রাখেন। কিন্তু এখন থেকে তিনি অধিদপ্তরের কোনো ধরনের বদলির সিদ্ধান্ত নিতে পারবেন না। এ মর্মে চিঠি দিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধান প্রকৌশলী মো. শামীম আখতারের বিষয়ে তদন্ত করতেও নির্দেশনা দিয়েছে প্রশাসনিক মন্ত্রণালয়কে।

সংশ্লিষ্টরা বলছেন, ঢাকার গুরুত্বপূর্ণ বিভাগের নির্বাহী প্রকৌশলীদের বদলি করা নিয়ে নিজ মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কের ফাটল ধরে প্রধান প্রকৌশলী শামীম আখতারের। সেই সূত্রেই তার নানা অনিয়ম নিয়ে তদন্ত শুরু হয়েছে। সেই সঙ্গে সংস্থা প্রধানকে কারণ দর্শানোর নোটিসও দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা যায়। এরই মধ্যে প্রধান প্রকৌশলীর চেয়ারে বসতে সংস্থাটির আরও দুজন প্রভাবশালী প্রকৌশলীর জোর তৎপরতাও চোখে পড়ার মতো।

ঘটনার সূত্রপাত : গণপূর্ত অধিদপ্তরের ঢাকা বিভাগের মধ্যে নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর চেয়ারটি নানা দিক দিয়ে গুরুত্বপূর্ণ। এ চেয়ারে বর্তমানে দায়িত্ব পালন করেছেন স্বর্ণেন্দু শেখর ম-ল। এ প্রকৌশলী চেয়ারে বসার শুরু থেকেই এখানে নিজের পছন্দের লোক বসাতে মরিয়া হয়ে ওঠেন বর্তমান প্রধান প্রকৌশলী। আর দীর্ঘ সময় ঢাকার গুরুত্বপূর্ণ বিভাগের চাকরি করা স্বর্ণেন্দু শেখর ম-লও নিজের অবস্থান পাকাপোক্ত করে নিয়েছেন আগেভাগে। এরই মধ্যে গত ৬ ডিসেম্বর হঠাৎ এ প্রকৌশলীকে নগর ডিভিশন থেকে বদলি করে শেরপুরের নির্বাহী প্রকৌশলী করা হয়। সেই সঙ্গে এক দিনের মধ্যে তাকে কর্মস্থলে যোগ দিতে অফিস আদেশ দেওয়া হয়। এ প্রকৌশলীকে অনেকটা বলপ্রয়োগ করে ঢাকার বাইরে পাঠাতে মরিয়া হয়ে ওঠেন প্রধান প্রকৌশলী। ঢাকায় একই চেয়ারে চার-পাঁচ বছর হয়েছে এমন প্রকৌশলীদের রেখে মাত্র এক বছরের মাথায় বদলি করা হয়। বিষয়টি নিয়ে স্বর্ণেন্দু শেখর ম-ল নিজ মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন পর্যায়ে দেনদরবার করেন। একপর্যায়ে সংশ্লিষ্ট আশীর্বাদ পেয়ে গেলে বদলি আদেশ বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এ বিষয়টি নিয়েই মূলত প্রশাসনিক মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কের টানাপড়েন তৈরি হয় প্রধান প্রকৌশলী শামীম আখতারের। তবে এ বিষয়ে নগর বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর ম-লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বদলি বন্ধ : সম্প্রতি গণপূর্ত অধিদপ্তরে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গত ২০ ডিসেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে একটি অফিস আদেশ জারি করা হয়। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ নূর মোহাম্মদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সম্প্রতি গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের হয়রানিমূলক বদলিসংক্রান্ত অভিযোগের বিষয়টি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। সমন্বয়হীনভাবে এ ধরনের বদলি করায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। এমতাবস্থায় মন্ত্রণালয় থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত গণপূর্ত অধিদপ্তরের তার নিয়ন্ত্রণাধীন সকল প্রকার বদলি/পদায়নসংক্রান্ত কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি : গত ১৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গৃহায়ন ও গণপূর্ত সচিবের কাছে একটি চিঠি পাঠানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৩ আবদুল্লাহ আল খায়রুম স্বাক্ষরিত চিঠিতে ‘গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং এইচবিআরআইর সাবেক মহাপরিচালক লেবাসধারী ভন্ডপীর মো. শামীম আখতারের দুর্নীতি প্রসঙ্গে’ শিরোনামে চিঠিতে বলা হয়, এ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে গৃহীত ব্যবস্থা সম্পর্কে অবহিত করতে হবে।

চেয়ারের দৌড়ে আরও দুজন : বিসিএস গণপূর্ত ক্যাডারের ১৫তম ব্যাচের প্রথম হলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম। নিয়মমাফিক তিনি এ ব্যাচ থেকে প্রধান প্রকৌশলীর চেয়ারে বসেছিলেন। কিন্তু এ প্রকৌশলী তার দায়িত্ব পালনকালীন নিজ দপ্তরসহ মন্ত্রণালয়ের সঙ্গে নানা বিষয় নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন। ওই সময়ের প্রভাবশালী সচিব শহীদ উল্লা খন্দকারের সঙ্গে প্রকাশ্যে বিবাদে জড়ান। একপর্যায়ে সরকারের গুরুত্বপূর্ণ একজন সচিবের সঙ্গে একটি বিষয় নিয়ে বিবাদে জড়ালে আশরাফুল আলমকে হাউজ বিল্ডিং রিসার্স ইনস্টিটিউটে বদলি করা হয়। সরকারপন্থি প্রকৌশলী হিসেবে দাবিদার আশরাফুল আলমও তার আগের চেয়ার অর্থাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর চেয়ার পেতে তৎপর রয়েছেন বলে জানা যায়।

এ ছাড়া প্রধান প্রকৌশলী চেয়ারে বসতে চান একই ব্যাচের তৃতীয় স্থানে অবস্থান করা মোসলেহ উদ্দিন আহমেদ। নিয়ম অনুযায়ী আশরাফুল আলমের স্থলাভিষিক্ত হওয়ার কথা ছিল এ প্রকৌশলীর। কারণ দ্বিতীয় স্থানে অবস্থান করা অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মইনুল ইসলামের চাকরিসংক্রান্ত জটিলতা থাকায় মোসলেহ উদ্দিনের দায়িত্ব পাওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় বিতর্কিত ঠিকাদার জি কে শামীমের ঘটনায় দুদকের একটি মামলায় আসামি ছিলেন মোসলেহ উদ্দিন। তাই সরকার বিতর্ক এড়াতে একই ব্যাচের সপ্তম অবস্থানে থাকা অনেকটা ক্লিন ইমেজের শামীম আখতারকে আবিষ্কার করে প্রধান প্রকৌশলীর চেয়ারে এনে বসায়। এরই মধ্যে দুদকের মামলা থেকে নির্দোষ হয়েছেন মোসলেহ উদ্দিন আহমেদ। সেই সঙ্গে শামীম আখতারও প্রায় দুই বছর প্রধান প্রকৌশলীর চেয়ারে দায়িত্ব পালন চলছে। তিনি দায়িত্ব নেওয়ার পর উন্নয়নকাজে কিছুটা স্থবিরতা ও প্রশাসনিক ব্যবস্থাপনা দুর্বল হয়েছে এমন দাবি করেন মোসলেহ উদ্দিনপন্থি প্রকৌশলীরা। তারা মনে করেন, মাঠপর্যায়ে দায়িত্ব করে আসা অভিজ্ঞ ও মেধাবী মোসলেহ উদ্দিনই এ চেয়ারের বসার যোগ্য। এ লক্ষ্যে তিনিও বেশ তৎপর রয়েছেন বলে জানা যায়।

এ বিষয়ে জানতে মোসলেহ উদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিস্তারিত শুনে কোনো মন্তব্য করতে রাজি হননি।

যা বললেন সংশ্লিষ্টরা : এসব বিষয়ে কথা বলতে প্রধান প্রকৌশলী মো. শামীম আখতারের মোবাইলে ফোন করা হলে তিনি ধরেননি। এইচবিআরআইয়ের মহাপরিচালক মো. আশরাফুল আলম দেশ রূপান্তরকে বলেন, ‘শামীম আখতার এইচবিআরআইয়ের দায়িত্ব পালনকালে বেশ কিছু অনিয়ম-দুর্নীতি করেছেন। এগুলো তিনটি তদন্তে প্রমাণিত হয়েছে। যেহেতু তিনি এখানে সংস্থাপ্রধান ছিলেন তাই আমি কোনো ব্যবস্থা নিতে পারি না। যে কারণে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সব প্রমাণাদি মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি ব্যাচের প্রথম অবস্থায় রয়েছি। প্রধান প্রকৌশলীর চেয়ারে দায়িত্ব পালন করে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত